মার্কিন যুক্তরাষ্ট্রের অবকাঠামো নির্মাণে দক্ষ শ্রমিকদের ভূমিকা সর্বদা মুখ্য। তাদের হাত ধরেই গড়ে উঠেছে দেশের আইকনিক স্থাপনা, কলকারখানা, মহাসড়ক ও পরিবহন ব্যবস্থা। আগামী ২৫০ বছরের জন্য একটি নতুন অর্থনৈতিক উৎপাদনশীলতা ও উদ্ভাবনের যুগ সৃষ্টির সুযোগ এখন সম্মুখে। বিশ্ব অর্থনীতির বড় পরিবর্তন, ক্রমবর্ধমান বিদ্যুতায়ন ও বিবর্তিত উৎপাদন চাহিদা সম্প্রসারিত ও আধুনিক অবকাঠামো দাবি করছে।

এই পরিপ্রেক্ষিতে, উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীর চাহিদা আকাশচুম্বী। গবেষণায় দেখা গেছে, ২০৩০ সালের মধ্যে সমগ্র যুক্তরাষ্ট্রে প্রায় ২১ লাখ স্কিলড ট্রেড বা দক্ষ পেশার চাকরি অপূর্ণ থাকতে পারে। এই বিপুল সংখ্যা বহু মানুষের জন্য সুবেতন ও অর্থনৈতিক গতিশীলতার দ্বার উন্মুক্ত করার সম্ভাবনা বহন করে। উদাহরণস্বরূপ, ২০৩০ সালের মধ্যে ১ লাখ ৩০ হাজার অতিরিক্ত ইলেকট্রিক্যাল কর্মী এবং ২০২৯ সালের মধ্যে সাড়ে ৩ লাখের বেশি নতুন অটো টেকনিশিয়ানের প্রয়োজন হবে।

কোনো একক কোম্পানি বা শিল্পের পক্ষে এককভাবে এত বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এই লক্ষ্যেই ব্ল্যাকরক, কারহার্ট, ফোর্ড মোটর কোম্পানি ও গুগল—এই চার প্রতিষ্ঠান ‘অ্যালায়েন্স ফর আমেরিকা’জ স্কিলড ট্রেডস’ নামক জোটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে একত্র হয়েছে। এই জোট লক্ষাধিক খালি পদ পূরণে কাজ করবে এবং মানুষকে উচ্চ চাহিদাসম্পন্ন, স্থানান্তরযোগ্য দক্ষতা অর্জনের মাধ্যমে বাস্তব কর্মজীবনের সুযোগ তৈরি করে দেবে, যা তাদের অর্থনৈতিক বিকল্প ও গতিশীলতা বাড়াবে।

প্রাথমিকভাবে ৩০টি অঙ্গরাজ্যে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সমগ্র আমেরিকায় তা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। প্রতিষ্ঠাতা সদস্যরা ইতোপূর্বে স্বতন্ত্রভাবে এ ক্ষেত্রে প্রভাব রেখে আসছিলেন। এখন তারা তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা জোরদার করবেন।

প্রথম কৌশল হচ্ছে দক্ষ পেশার জন্য পাইপলাইন তৈরি করা। ট্রেডগুলোতে প্রবেশ ও পরিচিতির সুযোগ সম্প্রসারণ করে আরও বেশি মানুষকে কাছে টানা হবে—তা সে স্নাতক-উত্তর বিকল্প খুঁজতে থাকা শিক্ষার্থী হোক বা মধ্য-ক্যারিয়ারে পরিবর্তন চাচ্ছেন এমন প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী। এ জন্য ‘রান্নাঘরের টেবিলের আলোচনা’ বদলে দিতে হবে এবং তরুণদের দক্ষ পেশায় ক্যারিয়ারের প্রথম পদক্ষেপ নিতে উৎসাহিত করতে হবে। সুস্পষ্ট ও সহজলভ্য প্রবেশপথ নিশ্চিত করলে বেশি মানুষ স্থিতিশীলতা, উচ্চ মজুরি ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের সুযোগ এবং নিজ সম্প্রদায়ে অর্থনৈতিক প্রভাব রাখতে সক্ষম হবে।

দ্বিতীয়ত, সর্বোচ্চ প্রভাব সৃষ্টিতে প্রমাণভিত্তিক পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোম্পানিগুলো কার্যকর কর্মসূচি থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টি পরস্পর ভাগাভাগি করে নিচ্ছে। চার কোম্পানির সম্মিলিত বাস্তব জ্ঞান কাজে লাগিয়ে আরও বেশি স্থানে দক্ষ পেশায় আগ্রহীদের কাছে পৌঁছানো সম্ভব হবে। শিক্ষানবিশ ও প্রি-অ্যাপ্রেন্টিসশিপ কার্যক্রমে বিনিয়োগ একটি পরীক্ষিত পন্থা, যা কাজের মাধ্যমে উপার্জন ও শেখার সুযোগ দেয় এবং টেকসই মেন্টরশিপ নিশ্চিত করে। অনেকের জন্যই এটি চার বছরের কলেজ ডিগ্রির ঋণ ছাড়াই গুরুত্বপূর্ণ নতুন দক্ষতা অর্জনের এক অপরিহার্য বিকল্প। দক্ষ জনবল ঘাটতি নিরসনে আগ্রহী সবার জন্য জ্ঞান প্রসারে জোট বার্নিং গ্লাস ইনস্টিটিউট ও জবস ফর দ্য ফিউচারের সহযোগিতায় একটি স্কিলড ট্রেডস রিপোর্টে সহ-অর্থায়ন করবে, যা ঘাটতি পরিমাপ, অগ্রগতি পর্যবেক্ষণ ও সর্বোত্তম চর্চাগুলো চিহ্নিত করতে সাহায্য করবে।

তৃতীয় ক্ষেত্রটি হলো ট্রেডগুলোর মর্যাদা বৃদ্ধি ও জাতীয়ভাবে সুযোগ প্রসারে বিভিন্ন প্রতিশ্রুতিবদ্ধ অংশীদারকে স্বাগত জানানো। দক্ষ পেশার অর্থনৈতিক সুফল দেশের প্রতিটি সম্প্রদায়ে পৌঁছে দিতে সম্মিলিত প্রয়াস জরুরি। তাই জোটটি শ্রমিক ইউনিয়ন, ট্রেড অ্যাসোসিয়েশন, নির্মাণ ও ইলেকট্রিক্যাল খাতের পেশাদার সংগঠনের পাশাপাশি অলাভজনক সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলছে। এইসব সংগঠন দশকের পর দশক ধরে দক্ষতা, স্থানীয় সম্পর্ক ও পাইপলাইন তৈরি করে আসছে, যা সাধারণ চাকরিকে সারাজীবনের ক্যারিয়ারে রূপ দিতে পারে।

জোটের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা হলো ভবিষ্যতে আরও বহু সংস্থাকে এর অন্তর্ভুক্ত করা এবং দক্ষ পদের প্রশিক্ষণের সুযোগ যুক্তরাষ্ট্রজুড়ে সম্প্রসারিত করা। সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি ও অলাভজনক সংস্থা—সবাইকে এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বছর জাতির ২৫০তম জন্মদিন উদযাপন এবং যুক্তরাষ্ট্রকে বিশ্বের অর্থনৈতিক ইঞ্জিনে পরিণত করা সব অর্জন মূলত সেসব মানুষের উদযাপন, যাঁরা এই অর্জনগুলো সম্ভবপর করেছেন। আড়াই শতাব্দী আগে প্রতিষ্ঠাতাদের শুরু করা মহান জাতীয় পরীক্ষা সফল হয়েছে কল্পনারও বাইরে, যাঁরা বাস্তবে জাতি গড়েছেন সেইসব দক্ষ শ্রমিকদের কল্যাণে। তাঁদের দেখানো পথে চলেই নতুন প্রজন্মের জন্য এই স্বপ্ন পূরণ করা সম্ভব।

উল্লেখ্য, ফরচুন ডটকমে প্রকাশিত মতামত লেখকদের ব্যক্তিগত এবং ফরচুনের মত ও বিশ্বাসের প্রতিফলন নয়। এই প্রতিবেদন মূলত ফরচুন ডটকমে প্রকাশিত হয়েছিল।