ভারতের ঝাড়খণ্ড রাজ্যে পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। সোমবার রাজ্যটির বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এ বিক্ষোভে অংশ নেন।
সরকারি নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষার নিয়মকানুনে আমূল পরিবর্তনের দাবিতে এই পদযাত্রা বের হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমান পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ নয় এবং এতে সাধারণ প্রতিযোগীরা সুবিধা পান না। কয়েক সপ্তাহ আগে দিল্লিতে অনুষ্ঠিত 'তেলাপোকা' বিক্ষোভের ধারাবাহিকতায় এই নতুন প্রতিবাদের সূচনা হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিকেলের দিকে বিক্ষোভকারীরা রাজ্যের প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গতিরোধ করে। প্রথমে সতর্ক করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে — পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি। স্থানীয় সূত্রে বলা হচ্ছে, আগামী দিনগুলোতে আন্দোলন আরও বেগবান হতে পারে যদি প্রশাসন তাদের দাবিতে সাড়া না দেয়।
এদিকে রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি এখন শান্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়ােজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিক্ষোভরতদের নেতারা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
ঘটনার পর থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে এবং ইন্টারনেট পরিষেবায় কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।




