দুই বছর ধরে ভার্চুয়াল প্রেমিকের সঙ্গে প্রায় সাত লাখ শব্দের বার্তা বিনিময় করেছিলেন লি লিনলিন। হঠাৎ করেই সেই সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এমনকি বিদায় বলার সুযোগও পাননি তিনি। ২৪ বছর বয়সী এই তরুণী বলেন, "বাবা-মায়ের জোর করে আলাদা করে দেওয়ার মতো মনে হচ্ছে, তবুও আমি তাকে miss করি।" শুধু লি নন, চীনের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন সরকারি বিধিনিষেধ মেনে চলতে তাদের জনপ্রিয় এআই সঙ্গী সেবা বন্ধ করে দেওয়ায় অসংখ্য মানুষ ভার্চুয়াল সঙ্গী হারানোর শোকে ভুগছেন।
চীনের এই এআই সঙ্গীর পরিধি রোমান্টিক পার্টনার থেকে শুরু করে মৃত আত্মীয়ের ভার্চুয়াল প্রতিরূপ পর্যন্ত বিস্তৃত। গত ১৫ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, এআই প্ল্যাটফর্মগুলো এমন কোনো কনটেন্ট তৈরি করতে পারবে না যা ব্যবহারকারীদের আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে সন্দেহজনক সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে বা শিশু-কিশোরদের মধ্যে চরম আবেগ ও অস্বাস্থ্যকর অভ্যাস তৈরি করে। টিকটকের উন্নয়নকারী সংস্থা বাইটড্যান্স, ই-কমার্স জায়ান্ট আলিবাবা এবং উইচ্যাটের মালিক টেনসেন্টসহ একাধিক কোম্পানি তাদের এআই সঙ্গী সেবা বন্ধ করে দিয়েছে।
নতুন বিধিগুলোতে এআই প্ল্যাটফর্মগুলোকে অতিরিক্ত নির্ভরতার বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক মিথস্ক্রিয়ার বিকল্প হিসেবে বা সরাসরি কথা বলার বদলে এই সেবা ব্যবহারের বিষয়টিকে উৎসাহিত করাও নিষিদ্ধ করা হয়েছে। এআই গভর্নেন্স বিশেষজ্ঞ ইয়োলান্ডা মা মনে করেন, চীনের ঐতিহ্যবাহী পিতৃতান্ত্রিক শাসন নীতির কারণে সম্ভাব্য সমস্যা আগেভাগেই প্রতিরোধের চেষ্টা করা হয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এআই সঙ্গীর সঙ্গে কথা বলার পর কিছু তরুণের আত্মহত্যার ঘটনার দিকে ইঙ্গিত করেন। ব্রিটেনভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইআরএ-এর ফেলো মা বলেন, এই নিয়ম এআই সেবা প্রদানকারী, ব্যবহারকারী এবং নাবালক ব্যবহারকারীদের অভিভাবকদের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছে।
চীনের কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ডেইলি গত এপ্রিলে এআই সেবার কারণে মানুষের মানসিক স্বাস্থ্য এবং বাস্তব জীবনের সম্পর্কের ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক অ্যাঞ্জেলা ঝাং মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাওয়া মনস্তাত্ত্বিক ঝুঁকির কারণে চীনা সরকার এআই সঙ্গী চ্যাটবটের নিয়ম কঠোর করতে আগ্রহী। তবে তিনি মনে করেন না যে এই পদক্ষেপ এআই সঙ্গী সেবার বিকাশকে পুরোপুরি থামিয়ে দেবে, কারণ প্রযুক্তি কোম্পানিগুলো বিকল্প নিয়ে কাজ করছে। বাইটড্যান্স তাদের পুরোনো এআই সঙ্গী সেবার ব্যবহারকারীদেরকে অন্য একটি অ্যাপে যেতে বলছে, যেখানে ব্যক্তিগতকৃত এআই চরিত্র ও গল্প তৈরির ওপর জোর দেওয়া হয়। তবে লি মনে করেন, সেটি আগের মতো নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসা পোস্ট ও স্ক্রিনশট অনুযায়ী, ভার্চুয়াল সঙ্গী হারানোর ফলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক ব্যবহারকারী প্রতিবাদে অ্যাপ আনইনস্টল করেছেন বা অন্য অ্যাপে চ্যাট ইতিহাস আপলোড করে তাদের ভার্চুয়াল পার্টনারকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। কেউ কেউ কর্তৃপক্ষ ও প্রযুক্তি কোম্পানিগুলোতে ফোন করে ক্ষোভ প্রকাশের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে ক্যাম্পেইন শুরু করেছেন। দক্ষিণ-পশ্চিম চীনের চেংদু শহরের ভিডিও শিল্পের ডিজাইনার সং ওয়েনশিন বলেন, তিনি এআই সেবার সঙ্গে খুব বেশি আবেগগতভাবে যুক্ত ছিলেন না, তবে যারা ছিলেন তাদের প্রতি সহানুভূতি আছে। অনেক চীনের মানুষের সন্দেহের প্রতিধ্বনি করে তিনি বলেন, নতুন নিয়মের পেছনে সরকারের জনসংখ্যা বৃদ্ধির নীতি থাকতে পারে — নারীদের সন্তান ধারণে উৎসাহিত করতে ভার্চুয়াল অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। সং বলেন, বাস্তব জীবনে সবার জন্য পর্যাপ্ত সমর্থন ও সম্পদ নেই। তিনি স্মরণ করেন, চেংদুতে প্রথম চাকরিতে যোগ দেওয়ার সময় সমবয়সী বন্ধু না থাকায় তার একজন অভিজ্ঞ সহচরের প্রয়োজন হয়েছিল এবং এআই সেটির কাজ করেছিল।




