ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে প্রথম আলো ডটকম ও নগদ যৌথভাবে আয়োজিত ‘নগদ ফুটবল কুইজ’-এর সমাপনী পর্বে তিনজন মেগা বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। দৈবচয়নের মাধ্যমে এ বছর প্রথম পুরস্কার হিসেবে ১ লাখ টাকা জেতেন চুয়াডাঙ্গার নাজিম উদ্দিন। প্রথম রানারআপ হিসেবে ৩০ হাজার টাকা পেয়েছেন টাঙ্গাইলের মাজেদা আক্তার এবং দ্বিতীয় রানারআপ হিসেবে ২০ হাজার টাকা জেতেন ময়মনসিংহের আবু সাঈদ বাদল।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মো. মোতাছিম বিল্লাহ বলেন, বিশ্বকাপের যে উত্তেজনা ও উন্মাদনা রয়েছে, সেটিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল এই আয়োজন। নিত্যদিনের একঘেয়েমি কাটিয়ে আনন্দ ও উৎসবে মেতে ওঠার সুযোগ তৈরি করেছে এ ধরনের উদ্যোগ। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান তিনি।
শৈশবের কথা স্মরণ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, স্কুল-কলেজে পড়াকালীন সময়ে তিনি নিয়মিত কুইজে অংশগ্রহণ করতেন এবং এতে সবসময় এক অন্য রকম আনন্দ পেতেন। দেশের জনপ্রিয় ও প্রভাবশালী গণমাধ্যম প্রথম আলোর সঙ্গে যুক্ত হয়ে এই উদ্যোগের অংশ হতে পেরে তিনি সত্যিই আনন্দিত। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন বিশ্বকাপের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক বিনিয়োগগুলোর একটি। তবে এর বাইরেও সবাই মিলে বিশ্বকাপ উপভোগ করার যে আনন্দ, সেটির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না।
এ ধরনের কুইজ আয়োজনের সাফল্যের পেছনে স্বচ্ছতাকে মূল কারণ হিসেবে উল্লেখ করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। তিনি বলেন, প্রথম আলো প্রতিটি আয়োজনে স্বচ্ছতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করে থাকে বলেই এই আয়োজনগুলো এত সফল হয়।
নগদের সঙ্গে এই উদ্যোগকে ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কুইজ যত সহজে জনপ্রিয় করা যায়, ওয়েবসাইটে তা তুলনামূলকভাবে অনেক কঠিন। কিন্তু এই ক্যাম্পেইন প্রত্যাশার চেয়ে প্রায় দশ গুণ বেশি সফল হয়েছে। এতে প্রথম আলোর প্রতি মানুষের গভীর আস্থার প্রমাণ মেলে।
প্রথম পুরস্কার জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে নাজিম উদ্দিন বলেন, বিশ্বকাপ চলাকালীন অফিসের ফাঁকে ফাঁকে তিনি কুইজে অংশ নিতেন। কখনো ভাবেননি যে তিনি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবেন। পুরস্কারের টাকা দিয়ে কী করবেন তা এখনও বুঝে উঠতে পারছেন না বলেও জানান তিনি।
উল্লেখ্য, nagadwcquiz.com ওয়েবসাইটে চলা এই কুইজে মোট প্রায় ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করে। প্রতিদিন সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৪ জন বিজয়ীকে ৫০০ টাকা করে নগদ পুরস্কার দেওয়া হয়। টুর্নামেন্ট শেষে সঠিক উত্তরদাতাদের থেকেই লটারির মাধ্যমে তিনজন মেগা বিজয়ী নির্বাচিত করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট লিংকন মো. লুৎফুজ্জামান সরকার, ম্যানেজার মো. সাব্বির আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রুশনান ইবনে রফিক এবং প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) রুহুল আমিন রনি, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, জ্যেষ্ঠ নির্বাহী নুসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল কনটেন্ট) খায়রুল বাবুই।




