গ্যালাপের মঙ্গলবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে জিএলপি-১ শ্রেণির ওজন কমানোর ওষুধ ব্যবহারের হার অভূতপূর্বভাবে বেড়েছে। জরিপে অংশ নেওয়া ৯১ শতাংশ প্রাপ্তবয়স্কই জানেন যে এই ওষুধগুলো ওজন হ্রাসে কার্যকর, যা ২০২৪ সালের ৮০ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বর্তমানে ১১ শতাংশ আমেরিকান এই ওষুধ গ্রহণ করছেন, যা ২০২৪ সালে ছিল ৮ শতাংশ।

এই সময়ের মধ্যে দেশটিতে মোটা হওয়ার হার (স্থূলতা) কমতে দেখা গেছে। ২০২২ সালে স্থূলতার হার ছিল ৩৯.৯ শতাংশ, যা রেকর্ড সর্বোচ্চ। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৩৬.৪ শতাংশে। জিএলপি-১ ওষুধ ওয়েগোভি ২০২১ সালে ওজন কমানোর জন্য এফডিএ-র অনুমোদন পাওয়ার পর এই ধারাবাহিক পতন লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ডায়াবেটিসের হার গত কয়েক বছর ধরে স্থিতিশীল রয়েছে।

গ্যালাপ জানায়, যারা জিএলপি-১ ওষুধ ব্যবহার করছেন, তাদের মধ্যে ৬৮ শতাংশ নোভো নরডিস্ক এবং এলি লিলির তৈরি ওজেম্পিক, মাউনজারো বা জেপবাউন্ডের মতো নামী ব্র্যান্ডের ওষুধ সেবন করছেন। বাকি ১৯ শতাংশ ব্যবহার করছেন এফডিএ-অননুমোদিত স্ব-মিশ্রিত বা কাস্টম-মিক্সড ওষুধ। জরিপের তথ্য বলছে, এই ওষুধগুলোর জনসচেতনতা ও ব্যবহার দ্রুত বাড়ছে এবং এটি যুক্তরাষ্ট্রের স্থূলতা মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।