পিতা হোর্হে মেসিকে হারানোর বেদনা কাটিয়ে উঠে চার দিনের ব্যবধানে মাঠে প্রত্যাবর্তন করেছেন লিওনেল মেসি। তবুও আর্জেন্টাইন তারকার এই আবেগঘন ফিরে আসা ইন্টার মায়ামিকে লিগস কাপের প্রথম ধাপ অতিক্রম করতে সাহায্য করতে পারেনি। মেক্সিকান ক্লাব লিওনের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মায়ামিকে।
বাবার শেষকৃত্য সম্পন্ন করতে আর্জেন্টিনায় অবস্থান করছিলেন মেসি। গত রোববার ৬৮ বছর বয়সে প্রয়াত হন তার বাবা হোর্হে মেসি। শুধু পিতা হিসেবেই নন, দীর্ঘ সময় ধরে ছেলের এজেন্টের দায়িত্বও পালন করেছেন হোর্হে। মঙ্গলবার রাতে ফ্লোরিডায় ফেরত আসেন মেসি। এরপর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দেন ৩৯ বছর বয়সী এই তারকা। সেখানে তিনি লেখেন, শোক কাটিয়ে ওঠা এবং ফুটবল চালিয়ে যাওয়া নিয়ে নিজের সংশয়ের কথাও জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, 'তোমাকে ছাড়া আমি কী করব, তা কল্পনাও করতে পারছি না। কীভাবে সামনে এগোব, তাও বুঝে উঠতে পারছি না। সারা জীবন আমি শুধু ফুটবলই খেলেছি, কিন্তু এখন দীর্ঘদিন খেলার ইচ্ছা আছে কি না, তা নিয়েও আমার দ্বিধা রয়েছে।' মেসি আরও লিখেছেন, 'আর একটু অপেক্ষা করতে পারলে না?'
লিগস কাপের গ্রুপ পর্বের লড়াইয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লিওনের মুখোমুখি হওয়া ম্যাচটি ছিল মায়ামির জন্য মর্যাদার। দলের প্রয়োজনে সেই ম্যাচে নামার সিদ্ধান্ত নেন মেসি, তবে শুরু থেকে নয়। বিরতির পর দ্বিতীয়ার্ধে মাঠে প্রবেশ করেন তিনি। ম্যাচে প্রথম গোলটি অবশ্য মায়ামিরই ছিল। ৪২তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।
বিরতির পর দ্রুতই ম্যাচে ফেরে লিওন। ৫০তম মিনিটে কলম্বিয়ান মিডফিল্ডার ড্যানিয়েল আরসিলা গোল করে স্কোর ১-১ করেন। তবে মাত্র তিন মিনিট পরেই আবারও এগিয়ে যায় মায়ামি। কর্নার থেকে পাওয়া বল বাঁ পায়ের অসাধারণ শটে জালে পাঠিয়ে দলকে ২-১ এগিয়ে নেন ইয়ানিক ব্রাইট। কিন্তু এই লিড ধরে রাখা যায়নি বেশি ক্ষণ। কিছুক্ষণের মধ্যেই আবার সমতায় ফেরে লিওন। বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে ২-২ করেন হুয়ান দোমিঙ্গেস। এরপর লিড নেওয়ার একাধিক সুযোগ তৈরি করে লিওন। কিন্তু মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোর দুর্দান্ত কিছু সেভে দলকে ম্যাচে টিকে থাকতে সাহায্য করেন।
শেষ পর্যন্ত ৮৩তম মিনিটে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন আরসিলা। তার গোলটি শুরুতে অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেছিলেন রেফারি। তবে ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত পরিবর্তন করে গোলটি বৈধ ঘোষণা করা হয়। এই গোলেই ৩-২ ব্যবধানে জয় পায় লিওন।
গ্রুপ পর্বের আগের ম্যাচে মেসিকে ছাড়া মন্টেরেরির কাছে হেরেছিল মায়ামি। ফলে লিওনের বিপক্ষে জয় ছিল পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার একমাত্র পথ। কিন্তু সেই পথ আর খুলল না। ২০২৩ সালে টুর্নামেন্টের পরিধি বাড়ানোর পর প্রথমবারের মতো প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে। মেসি দলে যোগ দেওয়ার পর ২০২৩ সালে লিগস কাপের শিরোপা ঘরে তুলেছিল মায়ামি। ২০২৫ সালেও ফাইনালে পৌঁছেছিল তারা, তবে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল দলটি।




