এআই প্রযুক্তি নিয়ে আশঙ্কা সত্ত্বেও, বাস্তবে এটি চাকরি শেষ করার পরিবর্তে কাজের ধরন পরিবর্তন করছে বলে দেখা যাচ্ছে। ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও অ্যানথ্রোপিকের ড্যারিও অ্যামোডেইর মতো প্রযুক্তি জগতের বড় নামরা আগে এআইয়ের কারণে চাকরি হারানোর ভবিষ্যদ্বাণী করলেও পরে তারা তাদের পূর্বাভাস শিথিল করেছেন। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এখন ‘সবার জন্য এআই ভবিষ্যৎ’ এবং নেট চাকরি বৃদ্ধির আশা করছেন। অন্যদিকে, বিনোদ খোসলা ও এলন মাস্কের মতো ব্যক্তিরা ভবিষ্যদ্বাণী করছেন যে মানুষকে আর অর্থ বা চাকরির প্রয়োজন হবে না, তবে তারা এই স্বর্গ বা দুঃস্বপ্ন কিভাবে বাস্তবে রূপ নেবে তা স্পষ্ট করেননি।
এআইয়ের বাস্তব প্রভাবের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো আইকিয়া। পাঁচ বছর আগে সুইডিশ এই আসবাব প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ‘বিলি’ নামে একটি এআই চ্যাটবট চালু করে, যা এখন গ্রাহকদের তিন-চতুর্থাংশের প্রশ্নের উত্তর দেয়। গ্রাহক সেবা কেন্দ্রের কর্মীদের চাকরি হারানোর পরিবর্তে, আইকিয়া তাদের পুনরায় প্রশিক্ষণ দিয়েছে। ফলে, গত তিন বছরে এই কেন্দ্রগুলো প্রতিষ্ঠানের দ্রুততম বর্ধনশীল বিক্রয় চ্যানেলে পরিণত হয়েছে, যেখানে বার্ষিক প্রবৃদ্ধি ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে রয়েছে।
ফরচুনের প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলোচনায় এই গল্পটি বারবার উঠে আসছে। সম্প্রতি সিএফওদের সঙ্গে এক আলোচনায় দেখা গেছে, অর্থনৈতিক অনিশ্চয়তার সময়েও তারা খরচ কমাতে নয়, বরং উৎপাদনশীলতা, প্রবৃদ্ধি ও কর্মীদের সম্পৃক্ততা বাড়াতে এআইকে কাজে লাগানোর কথা ভাবছেন। তাদের প্রধান চ্যালেঞ্জ হলো সহকর্মীদের এআই টুল ব্যবহারে উৎসাহিত করা এবং এআই যে একদিন তাদের চাকরি কেড়ে নেবে—এই ভয় কাটিয়ে ওঠা।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এআই, সংশ্লিষ্ট প্রযুক্তি ও জনসংখ্যাগত পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী ৯ কোটি ২০ লাখ চাকরি হারানোর ঝুঁকিতে থাকতে পারে। তবে, নিয়োগকর্তারা যদি কর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করেন, তাহলে প্রায় ১৭ কোটি নতুন চাকরি সৃষ্টি হতে পারে। গোল্ডম্যান শ্যাক্সের প্রধান নির্বাহী ডেভিড সলোমনের মতে, এআই কেবল আরেকটি প্রযুক্তি টুল। পার্থক্য হলো এটি যে গতিতে পরিবর্তন আনছে। আইকিয়ার মতো উদাহরণ দেখায় যে, এআই কঠিন সংখ্যা ও প্রবৃদ্ধির মাধ্যমে কিভাবে মানুষের জন্য সত্যিই উপকারী হতে পারে।



