ব্যবসার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সবসময় “পরবর্তীতে কী আসছে” তা নয়; বরং অনেক ক্ষেত্রেই প্রশ্নটি হলো “কীসের পরিবর্তন হবে না”। ফরচুন ম্যাগাজিনের এক প্রতিবেদনে জেফ বেজোসের এক সাক্ষাৎকারের ভিত্তিতে উঠে আসা এই দর্শনই অ্যামাজনের চলমান সাফল্যের মূলমন্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি ওয়ালমার্টকে হারিয়ে ফরচুন ৫০০ এবং গ্লোবাল ৫০০-এর শীর্ষ স্থান দখল করা এই প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তায় নজিরবিহীন অঙ্কের বিনিয়োগ ঢালছে।
তবে ক্রিস্টিন স্টলারের ওই প্রতিবেদনে অ্যামাজনের বিবর্তনের প্রতিটি অধ্যায়ে একটি পুনরাবৃত্ত ধারা স্পষ্টভাবে ফুটে উঠেছে—তা হলো কয়েকটি মূল নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি, যা যেকোনো প্রযুক্তি চক্রের চেয়েও দীর্ঘস্থায়ী। গত তিন দশক যাবত একটি অনলাইন বইয়ের দোকান থেকে শুরু করে রিটেইল, ক্লাউড কম্পিউটিং, বিনোদন, বিজ্ঞাপন, স্বাস্থ্যসেবা, লজিস্টিকস ও এখন এআই অবকাঠামো—এক বিস্তৃত জবরজং প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অ্যামাজন। ব্যবসার ক্ষেত্রগুলো নাটকীয়ভাবে বদলে গেলেও তাদের পরিচালনার দর্শনে লক্ষণীয় ধারাবাহিকতা বজায় থেকেছে।
বেজোসের সাথে আলাপচারিতায় বারবার কিছু নির্দিষ্ট ধারণার প্রতিধ্বনি পাওয়া গেছে। গ্রাহকরা সবসময় কম মূল্য চাইবেন, দ্রুত পণ্য ডেলিভারির গুরুত্ব দেবেন এবং পণ্যের বিশাল সমাহার কে প্রশংসা করবেন। এই অপরিবর্তনীয় বিষয়গুলোর ওপর ভর করেই অ্যামাজন প্রতিটি বড় বিনিয়োগের রূপরেখা তৈরি করে, সেটা প্রাইম চালু করা হোক, এডব্লিউএস নির্মাণ হোক বা কাস্টম এআই চিপ উদ্ভাবনই হোক।
অনেক প্রতিষ্ঠানই উদ্ভাবনকে একের পর এক কৌশলগত মোড় নেওয়া হিসেবে দেখে। অ্যামাজনের ইতিহাস ভিন্ন একটি মডেল নির্দেশ করে, যেখানে মূল কোম্পানি একটি স্থিতিশীল ভিতকে আরও মজবুত করেই নতুন নতুন সামর্থ্য যোগ করে চলেছে। মোটকথা, উদ্ভাবন আসলে প্রতিষ্ঠানের মূল নীতিগুলোরই একটি সম্প্রসারণ মাত্র। প্রযুক্তির বিঘ্নকারী পরিবর্তনের সময়কালে এই শৃঙ্খলা বিশেষভাবে জরুরি হয়ে ওঠে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় প্রতিটি শিল্পখাতকেই রূপান্তরিত করছে, আর নির্বাহীদের মধ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার চাপটাও স্বাভাবিক। কিন্তু বেজোসের মতে, অ্যামাজনের জন্য নোঙর সবসময়ই ছিল গ্রাহকদের চাহিদা। আর নতুন নতুন প্রযুক্তি কেবল সেই চাহিদা পূরণের পথটিকে সম্প্রসারিত করেছে মাত্র।
সব কোম্পানিই অনুমান করতে চায় ভবিষ্যতে কী হতে চলেছে। দেখে মনে হয়, বেজোস এবং তার উত্তরসূরি সিইও অ্যান্ডি জেসি মিলে গত তিন দশক ধরে একটি ভিন্ন প্রশ্নই করে চলেছেন: কোন জিনিসটি কখনো বদলাবে না? নেতৃত্বের জন্য সম্ভবত এই অভ্যাসটিই বেশি মূল্যবান।


