জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষা করার অপরাধে এক নারীকে আটকের পর তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। জব্দ করা অর্থের পরিমাণ প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ লাখ টাকার সমতুল্য।

গত বুধবার জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার খবরে বলা হয়েছে, রাজধানীর একটি বাণিজ্যিক এলাকায় ভিক্ষা করার সময় ওই নারীকে হাতে-নাতে আটক করা হয়। সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল এবং জননিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরেই নিয়মিতভাবে ভিক্ষা করে আসছিলেন। প্রতিদিনের উপার্জিত অর্থ তিনি জমা করতেন এবং সময়ে সময়ে সেগুলো বিভিন্ন বিদেশি মুদ্রায় রূপান্তরও করতেন। এই প্রক্রিয়ার মাধ্যমেই তার কাছে বিপুল অঙ্কের অর্থ জমে ওঠে। তবে তিনি ঠিক কতদিন ধরে এই কাজে জড়িত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। একইসঙ্গে ওই নারীর জাতীয়তা সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ওই ভিক্ষুককে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় সাধারণ জনগণের প্রতি রাস্তায় ভিক্ষুকদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অনেক ভিক্ষুক অসুস্থতা বা চরম আর্থিক সংকটের কথা বলে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করে। প্রকৃত অসহায় মানুষকে সাহায্য করার ইচ্ছা থাকলে অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি দেশের নাগরিকদের প্রতি সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে অবহিত করারও অনুরোধ জানানো হয়েছে। সমাজ উন্নয়ন মন্ত্রণালয় আরও জানিয়েছে, সারাদেশে ভিক্ষাবৃত্তি নির্মূলে তাদের ভিক্ষাবিরোধী দলগুলো নিয়মিত তল্লাশি ও অভিযান চালিয়ে যাচ্ছে।