প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস’ অস্ট্রেলিয়ার সিডনিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাঁদের পরিবারের কল্যাণে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি গ্লেনউড কমিউনিটি হলে দিনব্যাপী ‘কমিউনিটি সচেতনতা ও তহবিল সংগ্রহ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়, যাতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের মূল আলোচনা পর্বটি সঞ্চালনা করেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক ডা. ফাহিমা সাত্তার। এ পর্বে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েরা তাঁদের বাস্তব জীবনের নানা সংগ্রাম ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁদের মধ্যে ছিলেন নুদরাত লোহানী, সুহানি নিশা ও ডা. জেসি চৌধুরী। পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞ ডা. শামা পারভীন, ডা. হাবিব সিরাজী ও ডা. নাসরীন জাহান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক স্বাস্থ্য এবং অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিবন্ধী সহায়তা ব্যবস্থা (এনডিআইএস) নিয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভারস্টোনের স্থানীয় সংসদ সদস্য ওয়ারেন কার্বি। তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সকলের আরও বেশি সচেতন ও সহনশীল হওয়া জরুরি। সংগঠনের সভাপতি ডা. মেহেদী ফারহান ও সাধারণ সম্পাদক ডা. রোকেয়া ফকির কেও বক্তব্য রাখেন।

আয়োজনে সংগৃহীত তহবিল থেকে বাংলাদেশের অটিজম আক্রান্ত শিশুদের সহায়তায় ‘হোপ অটিজম ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’-এর অনুকূলে পাঁচ হাজার ডলারের একটি অনুদান চেক হস্তান্তর করা হয়। সচেতনতামূলক সেশনের পাশাপাশি অনুষ্ঠান প্রাঙ্গণে গাছপালা, পোশাক ও গয়নার স্টল বসে। দিনভর উপস্থিত অতিথিদের জন্য দেশীয় ঐতিহ্যবাহী পিঠাপুলি ও মধ্যাহ্নভোজের ব্যবস্থাও ছিল।