জাপানের রাজধানী টোকিওর উত্তরে অবস্থিত শিন-কানুমা স্টেশনে একটি ট্রেনের ধাক্কায় চারজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটে (জিএমটি ০১:৪৬) এই দুর্ঘটনা ঘটে। রেললাইনের পাশ থেকে আগাছা পরিষ্কার করার সময়ই তাদের ওপর ট্রেনটি চড়ে যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখা যায় তিনজন শ্রমিক ট্রেনের নিচে আটকা পড়েছিলেন, অন্যজন ছিলেন প্ল্যাটফর্মে। দুর্ঘটনার কারণে ওই রেলপথ পরিচালনাকারী সংস্থা টোবু নিক্কো লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

দুর্ঘটনায় জড়িত ট্রেনটি ছিল একটি লিমিটেড এক্সপ্রেস। জাপানের বুলেট ট্রেন শিনকানসেনের পর এই ট্রেনগুলোই দেশটির দ্বিতীয় দ্রুততম। ট্রেনের এক যাত্রী জাপানের সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে-কে জানান, ট্রেনটি জরুরি স্টপেজ দেওয়ার আগে তিনি একটি 'অস্বাভাবিক শব্দ' শুনতে পান। তিনি আরও বলেন, কর্মীরা শব্দটির কারণ খতিয়ে দেখছেন বলে ঘোষণা দেওয়ায় যাত্রীদের কিছু সময় ট্রেনের ভেতরেই আটকে থাকতে হয়।

সাধারণত ট্র্যাকের ওপর কাজ করা শ্রমিকদের আসন্ন ট্রেন সম্পর্কে সতর্ক করার জন্য কাছেই একজন কর্মী নিযুক্ত থাকেন। তবে বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার সময় পরিস্থিতি কেমন ছিল তা স্পষ্ট নয় বলে আসাহি শিমবুন পত্রিকা জানিয়েছে। বিশাল রেল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল জাপানে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বিরল বলে বিবেচিত হয়।