আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৬-এর ইংরেজি ১ম পত্রের প্রশ্ন কাঠামো ও উত্তর লেখার কলাকৌশল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে এবং পরীক্ষার্থীদের ১১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
পাঠ্যভিত্তিক অংশ (রিডিং টেস্ট): এই অংশে মোট ৬০ নম্বর থাকবে। সিন প্যাসেজ (পাঠ্যবই থেকে) থেকে ১, ২ ও ৩ নম্বর প্রশ্ন প্রণয়ন করা হবে।
- ১ নম্বর প্রশ্নে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, প্রতিটির জন্য ৪টি করে বিকল্প উত্তর থাকবে। সঠিক উত্তর বাছাই করতে হবে। এতে ৫ নম্বর থাকবে।
- ১(খ) নম্বর প্রশ্নে ৫টি প্রশ্ন থাকবে যা স্মৃতিশক্তি, সৃষ্টিশীলতা, অনুধাবন, বিশ্লেষণ ও মূল্যায়ন ক্ষমতা পরীক্ষা করবে। প্রতিটি প্রশ্নের উত্তর ২/৩টি বাক্যে লিখতে হবে। এতে ১০ নম্বর থাকবে।
- ২ নম্বর প্রশ্নে পাঠ্যবই থেকে নেওয়া অনুচ্ছেদের ভিত্তিতে ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার থাকবে। ফ্লো চার্টে একটি বক্স দেওয়া থাকবে, বাকি ৫টি বক্সে ধারাবাহিকভাবে ফলাফল লিখতে হবে। ইনফরমেশন ট্রান্সফারে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে যার ভিত্তিতে ৫টি শূন্যস্থান পূরণ করতে হবে। এতে ১০ নম্বর থাকবে।
- ৩ নম্বর প্রশ্নে সিন প্যাসেজ বা কবিতার ওপর ভিত্তি করে সারসংক্ষেপ (summary) লিখতে হবে। সারসংক্ষেপটি প্রদত্ত অনুচ্ছেদের তিন ভাগের এক ভাগ হতে হবে এবং নিজস্ব শব্দে লিখতে হবে। এতে ১০ নম্বর থাকবে।
পাঠ্যবইয়ের বাইরের অংশ (আনসিন): প্রশ্নপ্রণেতাদের তৈরি টেক্সটের ওপর ভিত্তি করে ৪, ৫ ও ৬ নম্বর প্রশ্ন থাকবে।
- ৪ নম্বর প্রশ্নে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ: একটি আনসিন প্যাসেজে ১০টি শূন্যস্থান থাকবে এবং সেগুলোর জন্য ১২টি শব্দের তালিকা থাকবে। তালিকা থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে ফর্ম পরিবর্তন করে উত্তর লিখতে হবে। এতে ৫ নম্বর থাকবে।
- ৫ নম্বর প্রশ্নে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ: একটি আনসিন প্যাসেজে ১০টি শূন্যস্থান থাকবে কিন্তু কোনো শব্দের তালিকা থাকবে না। প্রসঙ্গ অনুযায়ী শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এতে ১০ নম্বর থাকবে।
- ৬ নম্বর প্রশ্নে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস: পরস্পর অর্থসংগতিবিশিষ্ট ১০টি বাক্য ঘটনার পরম্পরা অনুযায়ী সাজাতে হবে। বাক্যগুলোর ক্রমিক নম্বর ধারাবাহিকভাবে লিখতে হবে। এতে ১০ নম্বর থাকবে।
লেখার অংশ (গাইডেড রাইটিং): এই অংশে মোট ৪০ নম্বর থাকবে।
- ৭ নম্বর প্রশ্নে ২০০ শব্দের একটি প্যারাগ্রাফ লিখতে হবে। এতে ১০ নম্বর থাকবে।
- ৮ নম্বর প্রশ্নে একটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করতে হবে এবং শিরোনাম দিতে হবে। এতে ৭ নম্বর থাকবে।
- ৯ নম্বর প্রশ্নে একটি ইনফরমাল লেটার লিখতে হবে। ব্রিটিশ বা আমেরিকান স্টাইলের মিশ্রণ না করে যেকোনো একটি স্টাইল অনুসরণ করতে হবে। ঠিকানা ও তারিখের অবস্থান অনুযায়ী সমাপ্তি টানতে হবে। ইনফরমাল লেটারের পরিবর্তে ইমেল আসতে পারে। এতে ৫ নম্বর থাকবে।
- ১০ নম্বর প্রশ্নে গ্রাফ ও চার্ট ব্যাখ্যা করতে হবে। বর্ণনায় স্টেডি রাইজ, শার্প ফল, শার্প ডিক্লাইন ইত্যাদি শব্দ ব্যবহার করতে হবে। তথ্য-উপাত্তের তুলনামূলক বিশ্লেষণ করে সামগ্রিক মন্তব্য লিখতে হবে। এতে ১০ নম্বর থাকবে।
- ১১ নম্বর প্রশ্নে শর্ট স্টোরি বা কবিতার থিম (মূলভাব) লিখতে হবে। এতে ৮ নম্বর থাকবে।
পরীক্ষার্থীদের সঠিক নিয়মে উত্তর লেখার জন্য এই নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।




