ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ফেসবুকে পণ্য বিক্রির নামে প্রতারণার ঘটনায় এক যুবককে আটক করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. অনিক শেখ, বয়স ২১ বছর। মঙ্গলবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, অনিক দীর্ঘদিন ধরে ফেসবুকে ইলিশ মাছ ও অন্যান্য পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতেন। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রথমে প্যাকেজিং খরচের কথা বলে ৫৫০ টাকা অগ্রিম আদায় করতেন। এরপর বিভিন্ন অজুহাতে আরও অর্থ নেওয়ার পর ক্রেতাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতেন। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তে নেমে সিটিটিসি গোপন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অনিককে শনাক্ত করে এবং অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
অভিযানের সময় অনিকের কাছ থেকে চারটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সংক্রান্ত বিভিন্ন তথ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সিটিটিসির দাবি, তিনি তার সহযোগীদের নিয়ে গত তিন বছর ধরে একই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, অনিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি চক্রটির অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।




