দেশের বাজারে স্বয়ংক্রিয় কল রেকর্ডিংয়ের বৈশিষ্ট্য সম্বলিত একটি নতুন ফিচার ফোন নিয়ে এল নকিয়া ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান এইচএমডি (এইচএমডি গ্লোবাল)। মডেলটির নাম ‘এইচএমডি ১০১’। এই ফোনটি স্থানীয় গ্রাহকদের চাহিদা মাথায় রেখে বাংলাদেশেই তৈরি করা হয়েছে বলে কোম্পানি জানিয়েছে।
গত মঙ্গলবার বগুড়ার এক হোটেলে উত্তরবঙ্গের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উপস্থিতিতে ফোনটির বিপণনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রযুক্তিপণ্য পরিবেশক সেলেক্সট্রা লিমিটেড দেশজুড়ে পণ্যটি সরবরাহ করবে।
এইচএমডি ইমার্জিং এশিয়ার জেনারেল ম্যানেজার বিবেক খান্ডেলওয়াল বলেন, বাংলাদেশের বাজারকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। গুণগত মান বজায় রেখে যুক্তিসঙ্গত মূল্যে নির্ভরযোগ্য প্রযুক্তি পৌঁছে দেওয়াই সংস্থার লক্ষ্য। একইসঙ্গে এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল-আমিন জানান, ফিচার ফোন এখনও দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য যোগাযোগের প্রধান মাধ্যম। নকিয়ার পরিচিত স্থায়িত্ব ও এইচএমডির আধুনিক বৈশিষ্ট্যের সমন্বয় এই ফোনে বিদ্যমান।
পণ্যটিতে ১ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যার ফলে একবার পূর্ণ চার্জে টানা সাত ঘণ্টা আলাপ করা সম্ভব। এতে যুক্ত করা হয়েছে দ্বৈত এলইডি টর্চ, বিল্ট-ইন এমপিথ্রি প্লেয়ার এবং ওয়্যারলেস এফএম রেডিও। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। ফোনটির দাম ধার্য করা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা।
ঘোষণা অনুষ্ঠানে সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান এবং চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, এই ফোনটি দেশের সাধারণ ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয়তা অর্জন করবে।




