চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী টিকটক প্ল্যাটফর্ম থেকে ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও অপসারণ করা হয়েছে, যা মোট আপলোডের প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এই সময়ে নীতি লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও সরিয়ে ফেলা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অপসারিত ভিডিওগুলোর মধ্যে ৯৪ দশমিক ৪ শতাংশই প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শনাক্ত ও মুছে ফেলা হয়েছে।
টিকটকের সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী সরিয়ে ফেলা ভিডিওর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা হয়েছে। তবে পরবর্তী যাচাইয়ের পর ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে অপসারিত ১৮ দশমিক ৬ শতাংশ ভিডিওতে সংবেদনশীল বিষয়বস্তু ছিল, যা টিকটকের কনটেন্ট নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। অন্যদিকে ১২ দশমিক ৬ শতাংশ ভিডিও নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নিয়মাবলি লঙ্ঘন করেছে।
একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রথম প্রান্তিকে টিকটকের বিভিন্ন ভিডিওতে থাকা ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি মতামতও সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট এবং ১৩ বছরের কম বয়সীদের ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্টও বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনকারী বিষয়বস্তুর বিরুদ্ধে তাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে।




