স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে জনবল সংকট দূর করতে এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন পর্যায়ে মোট ৩৪ হাজার ৭১৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব পদে যত দ্রুত সম্ভব নিয়োগের প্রক্রিয়া শেষ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্য অধিদপ্তরের মানবসম্পদ তথ্যব্যবস্থার (এইচআরআইএস) তথ্য অনুযায়ী ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি পদ শূন্য। অন্যদিকে, ১৭ থেকে ২০তম গ্রেডে শূন্য পদের সংখ্যা ১৩ হাজার ৩৮৯টি। দুটি গ্রেড মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭১৪টিতে।

এই শূন্য পদগুলো দেশের বিভাগীয় কার্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে জনবল সংকট থাকায় স্বাস্থ্যসেবার মান ও এর প্রসারে বিরূপ প্রভাব পড়ছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষার স্বার্থে এসব শূন্য পদ দ্রুত নিয়োগের মাধ্যমে পূরণ করা জরুরি হয়ে পড়েছে। তাই এই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।