চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও পুকুরে ডুবে প্রাণ হারালেন দুই শিক্ষার্থী। বুধবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব এবং কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের অর্ণব দত্ত। তাঁরা দুজনেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, বন্ধুদের সঙ্গে ওই পুকুরে গোসল করতে নামেন শান্ত ও অর্ণব। গোসলের একপর্যায়ে তারা তলিয়ে যান। ঘটনার পরপরই সহপাঠী ও স্থানীয়রা তাঁদের উদ্ধারের চেষ্টা চালান। ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশনস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, ডুবে যাওয়া দুজনের মধ্যে একজনকে ৮ থেকে ১০ মিনিট পর উদ্ধার করা হয়েছিল। তবে অপরজনকে উদ্ধার করতে সময় লেগেছে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট। প্রথমে তাঁদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে নগরের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম এই দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে মৃত্যু হয়েছিল চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার। সেই ঘটনার পর পুকুরটির নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চারপাশে নিরাপত্তাবেষ্টনী স্থাপন, পাড় প্রশস্তকরণসহ নানা পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও আবারও একই স্থানে প্রাণহানির ঘটনা ঘটল।