দেশের বাজারে আরেকটি নতুন ফিচার ফোন নিয়ে এল মটোরোলা। প্রতিষ্ঠানটির ‘এ৩০০ ২০২৬’ মডেলটি বাজারজাত করছে টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেড, যারা বাংলাদেশে মটোরোলার ফিচার ফোনের পরিবেশক হিসেবে কাজ করছে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৫০ টাকা। গ্রাহকরা এটি কালো ও হালকা বেগুনি—এই দুই রঙের বিকল্পে কিনতে পারবেন।

ফিচার ফোনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এতে বেশ কিছু আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং ব্যবস্থা, যা বর্তমান সময়ের সবচেয়ে প্রচলিত চার্জিং পদ্ধতি। ব্লুটুথ ৫.৩ প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও স্থিতিশীল সংযোগ দেওয়া সম্ভব। বাংলা কি-প্যাড থাকায় স্থানীয় ভাষায় টাইপ করা সহজ হবে। তারবিহীন এফএম রেডিও চালু রাখা হয়েছে, যা কোনো হেডফোন ছাড়াই শোনা যায়।

ব্যাটারি ব্যাকআপের দিকেও নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। স্বয়ংক্রিয় কল রেকর্ডিং সুবিধাও রয়েছে ফোনটিতে, যা অনেক ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ। এ ছাড়া ২.৪ ইঞ্চির পর্দা, দুই সিম ব্যবহারের সুবিধা, মেমোরি কার্ড স্লট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং এলইডি টর্চলাইট—সবই দেওয়া হয়েছে। ক্রেতারা ফোনের সঙ্গে ওয়ারেন্টিও পাবেন।

টেকটাইম বিজনেস সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে মটোরোলা ব্র্যান্ডটি অত্যন্ত পরিচিত। এই ব্র্যান্ডের নতুন ফোনটি বাজারে আনা সম্ভব হওয়ায় তারা আনন্দিত। ভবিষ্যতে আরও নতুন পণ্য নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। প্রতিষ্ঠানের পরিচালক আসিফুর রহমান খান বলেন, মটোরোলা বিশ্বব্যাপী নির্ভরযোগ্য মোবাইল ব্র্যান্ড হিসেবে পরিচিত। নতুন এ ফোনে নির্ভরযোগ্যতা, সহজ ব্যবহার ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও টেকসই ফোন চান, তাদের জন্য এটি উপযুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।