প্রাক্তন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাজধানীর গুলশান এলাকায় তার ব্যক্তিগত আবাসনে জোরেশোরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। শনিবার সকালে গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত এই বাড়িতে গিয়ে দেখা যায়, নিচতলার বসার জায়গাটি নতুন করে রং করার প্রস্তুতি চলছে। আসবাবপত্রগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং দেয়ালের পুরোনো রং ঘষে তোলা হচ্ছে। পঞ্চম তলায় অবস্থিত মো. সাহাবুদ্দিনের ফ্ল্যাটটি বসবাসের উপযোগী করে তোলার জন্যই এই আয়োজন বলে জানান বাড়ির ব্যবস্থাপক কবির হোসেন। তিনি বলেন, স্যার কবে আসবেন তা নিশ্চিত করে বলা না গেলেও তাঁকে সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ চলছে। তিনি আরও জানান, প্রথমে রং করার কাজ শেষ হবে, তারপর সোফাগুলো পরিষ্কার করে প্রস্তুত রাখা হবে যাতে লোকজন এসে বসতে পারেন। গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে সংসদ ভবনের শপথকক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন স্পিকার এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন। পদত্যাগের পর তিনি গুলশানের ব্যক্তিগত বাসায় ফিরবেন বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে। যদিও কবে নাগাদ তিনি বাসায় ফিরবেন তা এখনও স্পষ্ট নয়। তবে বাড়িতে চলমান সংস্কার ও পরিষ্কারের কাজ থেকে বোঝা যাচ্ছে, তার আগমনের সম্ভাবনা সামনে রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগে বঙ্গভবন ছাড়ছেন তিনি। অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। বঙ্গভবন ছেড়ে তিনি গুলশানের নিজ বাসায় উঠবেন বলে জানা গেছে। কয়েক দিন ধরেই বাড়িটি বসবাসের উপযোগী করে গোছানো হচ্ছে এবং পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রও সেখানে নিয়ে যাওয়া হয়েছে।