রাজধানীর লালবাগে ভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে প্রহার করে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর চারটার দিকে আজিমপুর গভর্নমেন্ট মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের সামনের মাঠে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন ওই বাসার মালিক রিজভী ও তাঁর চাচাতো ভাই রোহান।

নিহত মো. স্বপন (৬২) মাদারীপুরের শিবচর থানার বাসিন্দা। তিনি ও তাঁর বড় ভাই রাজা মো. সেলিম আজিমপুরে ভাড়া থাকতেন। স্বপন বিভিন্ন দোকানে প্রসাধনসামগ্রী সরবরাহ করতেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত মাসের ভাড়ায় এক হাজার টাকা বকেয়া ছিল। ১২ তারিখে তা পরিশোধ করা হয়। সোমবার রাত সোয়া তিনটায় বাড়িওয়ালা রিজভী টাকা চেয়ে বাসায় আসেন। দরজা খোলার পর তিনি গালিগালাজ করেন। একপর্যায়ে স্বপন প্রতিবাদ করলে রিজভী ও রোহান তাকে স্টাফ কোয়ার্টারের সামনের মাঠে নিয়ে যান। সেখানে তারা তাকে লাথি ও ঘুষি মেরে গুরুতর আহত করে। পরে স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলার প্রস্তুতি চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ মর্গে সংরক্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।