প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রে আমলকিকে ‘রসায়ন’ হিসেবে অভিহিত করা হয়, যার অর্থ এমন একটি ফল যা দেহকে সুস্থ ও দীর্ঘায়ু প্রদানে সহায়তা করে। পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্মার অশ্রু থেকে নাকি এই গাছের উৎপত্তি, তাই এটিকে ‘আদি বৃক্ষ’ও বলা হয়। অপরদিকে বৌদ্ধ সাহিত্যে আমলকির স্বচ্ছতা ও পূর্ণতার উপমা পাওয়া যায়। পৌরাণিক এই গল্পগুলো একপাশে রেখে আধুনিক বিজ্ঞানও আমলকির অসাধারণ পুষ্টিমানের স্বীকৃতি দিয়েছে।
আমলকি (Phyllanthus emblica), যাকে ইন্ডিয়ান গুজবেরি-ও বলা হয়, ভিটামিন সি-র এক অত্যন্ত সমৃদ্ধ প্রাকৃতিক উৎস। প্রতি ১০০ গ্রাম তাজা ফলে জাতভেদে ১৯৩ থেকে ৭২০ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি থাকতে পারে, যা কমলালেবুর তুলনায় বহুগুণ বেশি। এতে গ্যালিক অ্যাসিড, এলাজিক অ্যাসিড, এমবলিক্যানিন এবং ফ্ল্যাভোনয়েডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও প্রচুর পরিমাণে রয়েছে। এই উপাদানগুলো দেহকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং ক্ষতিকর ফ্রি র্যাডিকেল নিষ্ক্রিয় করে প্রদাহ কমাতে সাহায্য করে। নিয়মিত ও পরিমিত খাওয়ার অভ্যাস বার্ধক্যের গতি ধীর করতে এবং কোষের ক্ষয় রোধ করতে ভূমিকা রাখতে পারে।
ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে দেখা গেছে, আমলকির নির্যাস এলডিএল (খারাপ) কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সহায়ক, একইসাথে এটি এইচডিএল (ভালো) কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে পারে। রক্তনালির কার্যক্ষমতা উন্নয়ন ও রক্তচাপ নিয়ন্ত্রণেও এর ভূমিকা রয়েছে। কিছু গবেষণা ইঙ্গিত করে, প্রতিদিন ১ থেকে ৩ গ্রাম আমলকির গুঁড়া সেবনে রক্তের শর্করার মাত্রায় ইতিবাচক প্রভাব পড়তে পারে, যদিও এটি ডায়াবেটিসের ওষুধের কোনো বিকল্প নয়। এছাড়া উচ্চমাত্রার ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটি দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে তোলে, হার্টবার্ন কমায়, লিভার সুরক্ষা ও কোলাজেন সংরক্ষণে সহায়তা করতে পারে।
চুলের যত্নে আমলকির ব্যবহার আয়ুর্বেদে যুগপতকাল ধরে চলে আসছে। আধুনিক গবেষণাও এখন এর বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পেয়েছে। দেখা গেছে, আমলকির নির্যাস ৫-আলফা রিডাক্টেজ (5α-reductase) এনজাইমের কর্মক্ষমতা হ্রাস করতে পারে। এই এনজাইম টেস্টোস্টেরনকে ডিএইচটি-তে (DHT) রূপান্তরিত করে, যা নারী ও পুরুষ উভয়ের প্যাটার্ন টাকের একটি অন্যতম কারণ। ২০২৪ সালের একটি র্যান্ডমাইজড ও প্লেসিবো-কন্ট্রোলড ট্রিপল-ব্লাইন্ড গবেষণায় দেখা গেছে, টানা ১২ সপ্তাহ আমলকি সিরাপ ব্যবহার করলে চুলের বৃদ্ধিপর্ব (অ্যানাজেন ফেজ) বৃদ্ধি পায় এবং চুল পড়ার পর্যায় (টেলোজেন ফেজ) কমে যায়। কোনো উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়নি। আমলকির অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, মাথার ত্বকের প্রদাহ কমায় এবং চুলের গোড়া মজবুত রাখতে অবদান রাখে।
এই ফলের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো, এতে উপস্থিত এমবলিক্যানিন এ ও বি নামক বিশেষ ট্যানিন ভিটামিন সি-কে তুলনামূলকভাবে তাপে স্থিতিশীল রাখে। সাধারণত বেশিরভাগ ফলের ভিটামিন সি রান্না বা শুকানোর প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায়, কিন্তু আমলকির ক্ষেত্রে শুকনো ফল বা গুঁড়াতেও অনেক পুষ্টিগুণ বজায় থাকে।
একজন খাদ্য ও পথ্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন ১ থেকে ২টি তাজা আমলকি বা এর জুস খাওয়া যেতে পারে। বিকল্প হিসেবে প্রতিদিন ১ থেকে ৩ গ্রাম আমলকির গুঁড়াও গ্রহণীয়। তবে অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে। রক্ত পাতলা করার ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ সেবনকারী এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পরিশেষে বলা যায়, ছোট এই ফলটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস, যা হৃদ্রোগ, চুল ও ত্বকের স্বাস্থ্য এবং রোগপ্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, তবে তা অবশ্যই সুষম খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনযাপনের অংশ হিসেবেই সবচেয়ে বেশি ফলপ্রসূ।




