বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন, তিনি কয়েক বছর আগে নিজের ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজিং) করিয়েছেন। তাঁর মতে, সামাজিক চাপ বা জৈবিক ঘড়ির তাড়নায় নয়, বরং নিজের ইচ্ছা ও সময় অনুযায়ী সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, জীবনসঙ্গী বা সন্তানের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তখনই নেওয়া উচিত যখন কেউ মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হন।

‘ককটেল ২’ ছবির কারণে ইদানীং আলোচনায় ছিলেন কৃতি। ছবিটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ১৪০ কোটি রুপির বেশি আয় করেছে, তবে এখনো তাঁর পরবর্তী ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পডকাস্টে তিনি আরও জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘মিমি’ ছবির প্রস্তুতির সময়ই তিনি ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। সেই ছবিতে তাঁর চরিত্রের জন্য ওজন বাড়ানোর নির্দেশনা ছিল। কৃতি বলেন, ওজন বাড়ানোর সময় এটি করা সুবিধাজনক ছিল, কারণ এই প্রক্রিয়ায় শরীরে ফোলাভাব দেখা দেয় এবং তিনি যেহেতু এমনিতেই ওজন বাড়াচ্ছিলেন, তাই বিষয়টি মিলে যায়। পাশাপাশি ‘মিমি’ ছবির বিষয়বস্তু ‘সারোগেসি’কে কেন্দ্র করে হওয়ায় সময়টি আরও উপযুক্ত মনে হয়েছিল।

নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে কৃতি উল্লেখ করেন, একজনের সঙ্গে আলাপের সূত্রে তাঁর মাথায় এই চিন্তা আসে। ওই ব্যক্তি তাঁকে জানিয়েছিলেন, আর্থিকভাবে সক্ষম হলে এটি নিজের জন্য সবচেয়ে বড় উপহার হতে পারে। এরপর যখন ‘মিমি’ ছবির জন্য ওজন বাড়ানোর সুযোগ আসে, এবং সামনে দুই মাস শুটিং না থাকায় তিনি ভেবে দেখেন যে এটাই সঠিক সময়।

তবে প্রক্রিয়াটি যে সহজ ছিল তা নয়। হরমোনজনিত পরিবর্তনের কারণে শারীরিক ও মানসিক অস্বস্তি এবং মেজাজের পরিবর্তন দেখা দিয়েছিল বলে অভিনেত্রী স্বীকার করেন। তা সত্ত্বেও তিনি এখন মনে করেন, সিদ্ধান্তটি সঠিক ছিল এবং ভবিষ্যতের জন্য এটি নিজের প্রতি দেওয়া একটি গুরুত্বপূর্ণ উপহার।

ডিম্বাণু সংরক্ষণের খরচ সম্পর্কেও মুখ খোলেন কৃতি। তিনি জানান, এই চিকিৎসা ব্যয়বহুল এবং সবার জন্য সহজলভ্য নয়। নিজের আর্থিক সামর্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরেছেন। বিবাহ ও সন্তান ধারণ নিয়ে সমাজের প্রশ্নের জবাবে কৃতি বলেন, ‘কবে বিয়ে করছ?’— এই প্রশ্নের আড়ালে আসলে ‘কবে সন্তান নিচ্ছেন’ সেই কৌতূহল লুকিয়ে থাকে। নারীদের ক্ষেত্রে বয়সের সঙ্গে গর্ভধারণের জটিলতা বাড়তে পারে, সেই বাস্তবতা মাথায় রেখেই তিনি আগেভাগে এই ব্যবস্থা নিয়েছেন।

এর আগে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও নিজের ডিম্বাণু সংরক্ষণের কথা জানিয়েছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ৩০-এর শুরুর দিকে এটি করার পর তিনি মানসিকভাবে মুক্তি পেয়েছিলেন এবং নির্ভার হয়ে ক্যারিয়ারে মনোযোগ দিতে পেরেছিলেন। তাঁর মা, যিনি পেশায় চিকিৎসক, তিনি বারবার ৩৬ বছরের আগে এটি করার পরামর্শ দিতেন।

বর্তমানে কৃতি ‘ককটেল ২’ ছবির সাফল্য উপভোগ করছেন। ছবিটি বিশ্বব্যাপী উল্লেখযোগ্য আয় করেছে। তবে আগামী দিনের কোনো প্রকল্পের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানাননি তিনি।