সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও শর্বরী বাগ অভিনীত অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। পাশাপাশি, ছবির দুই কেন্দ্রীয় নারী চরিত্রের অভিনয়শৈলী দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভারতীয় মূলধারার সিনেমায় বিশাল বাজেটের অ্যাকশন ছবিতে নারীকে প্রধান চরিত্রে উপস্থাপন করাটাও আলোচনার জন্ম দিয়েছে। অভিনেত্রী আলিয়া ভাট এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আলফা’র শুটিং ছিল তাঁর পেশাগত জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। ট্রেলার প্রকাশের পর থেকেই আলিয়ার অ্যাকশন ভূমিকা দর্শকদের আগ্রহী করে তুলেছিল। তিনি বলেন, ‘ছবিটির কাজ করতে গিয়ে আমি দারুণ সময় কাটিয়েছি। এটি সম্ভবত আমার সবচেয়ে উপভোগ্য সেট অভিজ্ঞতা। অ্যাকশন আর রোমাঞ্চের বিশাল জগতে পা রাখা ভীষণ উত্তেজনাপূর্ণ ছিল। এই সিনেমা আমাকে আগের চেয়ে ভিন্নভাবে নিজের সীমা পরীক্ষা করতে বাধ্য করেছে, যা আগে কখনো করিনি। আর সেই যাত্রার প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি।’ আলিয়া আরও বলেন, ছবিটির সবচেয়ে বড় শক্তি হলো এর কেন্দ্রে দুই নারীর অবস্থান। বর্তমান সময়ে নারীপ্রধান অ্যাকশন ছবি খুব সাধারণ বিষয় নয়, তাই এমন একটি প্রকল্পের অংশ হতে পেরে তিনি গর্বিত। তাঁর কথায়, ‘“আলফা” কেবল একটি লিঙ্গের গল্প নয়, বরং এটি সাহস, শক্তি ও নির্ভীক মানসিকতার উদযাপন। একই সঙ্গে এটি প্রেক্ষাগৃহে সিনেমা দেখার আনন্দকেও উদযাপন করে।’ নিজের সহকর্মীদেরও কৃতিত্ব দিতে ভোলেননি আলিয়া। পরিচালক শিব রাওয়াল, সহশিল্পী, অ্যাকশন টিম এবং পুরো প্রযোজনা ইউনিটের আন্তরিকতা ও উদ্দীপনার ভূয়সী প্রশংসা করেন তিনি। আলিয়ার ভাষ্য অনুযায়ী, ‘শুটিং সেটে প্রতিদিন অসাধারণ এক উদ্দীপনা বিরাজ করত। আমি প্রতিদিন কাজে যাওয়ার জন্য মুখিয়ে থাকতাম। কী তৈরি করছি, সেটা নিয়ে সবার মধ্যে দারুণ উচ্ছ্বাস ছিল, যা পর্দায়ও ফুটে উঠেছে।’ ব্যবসায়িক সাফল্যের দিক থেকে ‘আলফা’ বেশ ভালো করেছে। মুক্তির প্রথম দিনেই ছবিটি ৯ কোটি ২৫ লাখ রুপি আয় করে। প্রথম চার দিনে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি ৬৪ লাখ রুপি। অনেক বিশ্লেষকের মতে, নারীকেন্দ্রিক ছবি হিসেবে এই উপার্জন যথেষ্ট প্রশংসনীয়।
নিজেকে চ্যালেঞ্জ জানিয়ে তৃপ্ত আলিয়া, ‘আলফা’র প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী
আলিয়া ভাট ও শর্বরী বাগ অভিনীত ‘আলফা’ বক্স অফিসে ভালো করছে। দুই নারী কেন্দ্রীয় চরিত্রে থাকা অ্যাকশন ছবিটি নিয়ে উচ্ছ্বসিত আলিয়া। তাঁর মতে, এটি ক্যারিয়ারের সবচেয়ে উপভোগ্য প্রকল্প, যেখানে নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন। প্রথম চার দিনে বিশ্বব্যাপী আয় ৬৩ কোটি রুপি ছাড়িয়েছে।




