নেটফ্লিক্সের অতি জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর জিম হপার ও ইলেভেন চরিত্রের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার সেই জুটি ডেভিড হারবার ও মিলি ববি ব্রাউন পুনরায় একত্রে কাজ করার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, একটি নতুন স্পাই থ্রিলার সিরিজে দেখা যাবে এই দুই তারকাকে। এখনো সিরিজটির নাম চূড়ান্ত হয়নি। এতে শুধু অভিনয়ই নয়, নির্বাহী প্রযোজকের ভূমিকাও পালন করবেন ডেভিড ও মিলি।
সিরিজটির প্রযোজনা করবে খ্যাতনামা প্রতিষ্ঠান এ২৪। চিত্রনাট্য রচনা করেছেন জ্যাক থ্রোন। ইতিপূর্বে তিনি নেটফ্লিক্সের ‘এনোলা হোমস’ ফ্র্যাঞ্চাইজি এবং বহুল প্রশংসিত ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্য লেখক ও সহ-স্রষ্টা হিসেবে পরিচিত। গল্পের কেন্দ্রে থাকবেন ডেভিড হারবার। তিনি ম্যাট উলফ নামের এক সাবেক এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করবেন। এক অপমানজনক ঘটনার পর চাকরি ছেড়ে নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন ম্যাট। তবে তার মেয়ে রেবেকা, যে বাবার পথ অনুসরণ করে এফবিআই এজেন্ট হয়েছে, একটি মিশনে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা তাকে আবার গুপ্তচরবৃত্তির জগতে ফিরিয়ে আনে, কিন্তু সেই জগৎ এখন অনেক বদলে গেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয় ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম ও শেষ মৌসুম। সিরিজটি শেষ হওয়ার পর দুজনই ব্যস্ত ছিলেন নিজ নিজ প্রকল্প নিয়ে। মিলি ববি ব্রাউনের ‘এনোলা হোমস ৩’ মুক্তি পেয়েছে চলতি বছরের ১ জুলাই। অন্যদিকে ডেভিড হারবারকে দেখা গেছে ‘ডিটিএফ সেন্ট লুইস’ সিনেমায়।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে দুজনেই এই পুনর্মিলনের আভাস দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেভিড হারবার বলেন, ‘মিলি এবং আমি আবার একসঙ্গে কাজ করছি। ১০ বছর একসঙ্গে কাজ করাও আমাদের জন্য যথেষ্ট ছিল না। আমাদের মধ্যে এক গভীর বন্ধন রয়েছে। আমি তাকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে।’ নিউইয়র্কে এক অনুষ্ঠানে মিলি ববি ব্রাউন বলেন, ‘বাবা-মেয়ের সম্পর্কই আমাদের পরিচয়। নেটফ্লিক্স সবসময়ই আমাদের জন্য পরিবারের মতো।’ তিনি আরও জানান, এই প্রকল্প প্রত্যাশার চেয়েও দ্রুত বাস্তবায়িত হচ্ছে।
গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর শেষ মৌসুমের শুটিংয়ের সময় মিলি ববি ব্রাউন ডেভিড হারবারের বিরুদ্ধে নেটফ্লিক্সে আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন। কিন্তু এই গুজব উড়িয়ে দিয়েছেন দুজনই। হারবার বলেন, ‘একটি পরিবারের ভেতরেও মতবিরোধ হয় এবং পরে তা মিটে যায়। কিন্তু বিলিয়ন ডলারের একটি শো-র ক্ষেত্রে শত শত মানুষ বিষয়টির সঙ্গে জড়িত হয়ে পড়েন। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি এবং সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।’ মিলিও জানান, দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে তাদের সম্পর্ক আরও সৃজনশীল ও সহযোগিতাপূর্ণ হয়ে উঠেছিল। ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।




