দুর্ঘটনাজনিত কারণে হাত থেকে স্মার্টফোন পড়ে গেলে সাধারণত পর্দা ফাটল বা দাগ পড়ে এবং অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়, ফলে ফোনটির স্বাভাবিক ব্যবহারই বাধাগ্রস্ত হয়। এই সমস্যার সমাধান নিয়ে বাজারে এলো ইনফিনিক্সের নতুন মডেল ‘হট ৭০ প্রো ফাইভজি’। সংস্থাটি জানিয়েছে, এই ফোনে আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করা হয়েছে এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সুবিধা। ফলে প্রায় ৫ ফুট উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটি অক্ষত থাকবে, সেইসাথে পানির সংস্পর্শে এলেও কোনো ক্ষতি হবে না এবং ধুলাবালিও জমবে না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনফিনিক্স বাংলাদেশ জানিয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর দ্বারা পরিচালিত এই ফোনটির পর্দার আকার ৬.৭৬ ইঞ্চি। ডিভাইসটিতে রয়েছে ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ। এই কনফিগারেশনের কারণে একই সাথে একাধিক অ্যাপ চালানো কিংবা ভারী গেম খেলার সময়ও ফোনটি দ্রুতগতিতে কাজ করবে। পর্দার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ হওয়ায় উচ্চ রেজোলিউশনের গেমগুলোতে মসৃণ অভিজ্ঞতা পাওয়া যাবে। দীর্ঘক্ষণ গেম খেলা বা একাধিক কাজ করার সময় ফোন যাতে গরম না হয়, সেজন্য এতে যুক্ত করা হয়েছে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি।

ফটোগ্রাফির দিক থেকে ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটোফোকাস ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। উন্নত ক্যামেরা সেন্সরের পাশাপাশি ‘লাইভ ফটো’ ফিচার থাকায় কম আলোর পরিবেশেও ভালো মানের ছবি তোলা যাবে। অন্যদিকে, এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট এবং এআই থিম জেনারেটরের মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচারও যুক্ত করা হয়েছে এই ডিভাইসে। এসব ফিচারের সমন্বয়ে নতুন এই ইনফিনিক্স স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।