বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী অনন্যা রাজ মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। ‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স টু গো’, ‘ঘোস্ট’ এবং ‘দ্য ফাইনাল এক্সিট’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, গত ১৫ জুলাই ভোরে ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রায় এক মাস পর, গত রোববার পরিবারের সদস্যরা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করে এই দুঃসংবাদটি সবার সাথে ভাগ করে নেন।

সেই বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত কষ্টের সাথে জানানো হচ্ছে যে ১৫ জুলাই ভোরে অনন্যা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়েছে। প্রায় এক বছর ধরে তিনি শারীরিক ও মানসিক নানা অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং একজন যোদ্ধার মতো সেই কঠিন সময়ের সাথে লড়াই করেছেন। মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মৃত্যুর খবর প্রকাশের পাশাপাশি তাঁর শেষকৃত্যের কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। পরিবারের সদস্যরা তাঁকে ‘দৃঢ়চেতা মেয়ে’ হিসেবে উল্লেখ করে বলেন, অনন্যা নিজের জীবন নিজের মতো করে, ‘রানির মতো’ বাঁচতেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তোমার অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করব। সবাইকে অনুরোধ করছি, তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। এই কঠিন সময়ে আমরা গোপনীয়তা ও নীরবতা বজায় রাখতে চাই।’

শুধু বড় পর্দাতেই নয়, সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের মিউজিক ভিডিওতেও কাজ করেছেন অনন্যা রাজ। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো জনপ্রিয় প্রতিষ্ঠানের একাধিক মিউজিক ভিডিওতে তাঁকে দেখা গেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ঢেউ উঠেছে অনুরাগী ও সহকর্মীদের মধ্যে। পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবাইকে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।