চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাই মাসে প্রত্যাশার বিপরীতে সংকুচিত হয়ে গেছে, যা টানা চার মাস ধরে চলা সম্প্রসারণের ধারাবাহিকতাকে থামিয়ে দিয়েছে। শুক্রবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) থেকে প্রকাশিত সরকারি উপাত্ত এ চিত্রই তুলে ধরেছে।
তথ্যমতে, দেশটির সরকারি ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) জুন মাসের ৫০.৩ পয়েন্ট থেকে কমে জুলাইতে এসে দাঁড়িয়েছে ৪৯.২ পয়েন্টে। সূচকটির ৫০-এর নিচে অবস্থান খাতটির সংকোচনকে নির্দেশ করে।
অর্থনীতির এই গুরুত্বপূর্ণ সূচকে আকস্মিক পতন বিশ্লেষকদের বিস্মিত করেছে। কারণ পূর্বাভাসে ধরা হয়েছিল, চীনের কারখানা খাত হয়তো পূর্ববর্তী মাসের মতো সম্প্রসারণের ধারা বজায় রাখতে পারবে। কিন্তু বাস্তবে চিত্রটি ভিন্ন রূপ নিয়েছে।
উল্লেখ্য, পিএমআই সূচক কোনো অর্থনীতির উৎপাদন খাতের স্বাস্থ্য পরিমাপের একটি গুরুত্বপূর্ণ ব্যারোমিটার হিসেবে বিবেচিত। ৫০-এর উপরে থাকলে সেটি সম্প্রসারণ এবং ৫০-এর নিচে থাকলে সংকোচন ইঙ্গিত করে। জুলাই মাসের পতন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়ায় নয়া অনিশ্চয়তা সৃষ্টি করল।
বৈশ্বিক বাজারে চাহিদার ঘাটতি, ভূরাজনৈতিক উত্তেজনা এবং অভ্যন্তরীণ খরচ সম্পর্কিত উদ্বেগের মধ্যে এই পরিসংখ্যান প্রকাশিত হলো। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিসংখ্যান বেইজিংয়ের নীতি নির্ধারকদের জন্য নতুন করে চিন্তার কারণ হবে, যাতে প্রয়োজনে উদ্দীপনা মূলক নতুন ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে পারে।




