সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একটি প্রতারক চক্র পুলিশসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে এবং নানা ধরনের তদবির করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এ ধরনের প্রতারণার মাধ্যমে একদিকে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের মর্যাদাও ক্ষুণ্ন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় থাকলেই সেটি ওই কর্মকর্তার প্রকৃত আইডি বা ব্যবহৃত মোবাইল নম্বর—এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের বার্তা পেলে কোনোভাবেই সাড়া না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ এ ধরনের প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন অথবা সাইবার পুলিশ সেন্টার, সিআইডি এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




