মার্কিন প্রেসিডেন্টের হেলিকপ্টার গত মঙ্গলবার আকাশে একটি বাণিজ্যিক জেট বিমানের সঙ্গে অত্যন্ত কাছাকাছি দূরত্বে অবস্থান করছিল বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এনভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এক বিবৃতিতে এফএএ নিশ্চিত করেছে, প্রেসিডেন্টের হেলিকপ্টারটি সে সময় ‘লস অব স্ট্যান্ডার্ড সেপারেশন’ নামে পরিচিত এক পরিস্থিতির মধ্যে পড়েছিল।
বিমান চলাচলের নিরাপত্তা বিধি অনুযায়ী, দুইটি উড়োজাহাজের মধ্যে অনুভূমিকভাবে ন্যূনতম ১.৫ মাইল এবং উল্লম্বভাবে অন্তত ৫০০ ফুট দূরত্ব বজায় থাকা বাধ্যতামূলক। কিন্তু এই ঘটনায় সেই নিরাপদ দূরত্ব রক্ষিত হয়নি। বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হলেও কিভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হলো, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি মঙ্গলবার সংঘটিত হয়। প্রেসিডেন্টের হেলিকপ্টার ও বাণিজ্যিক জেটটির মধ্যে ঠিক কতটুকু দূরত্ব ছিল বা সংশ্লিষ্ট ফ্লাইটগুলো কোনো কোনো গন্তব্যে যাচ্ছিল, সে সম্পর্কে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এফএএর পক্ষ থেকে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।



