আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিরা হলেন কাপড়ের দোকানের কর্মচারী মো. শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগনি হাফছা (৮)। ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং কক্ষটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। শাহীনের সহকর্মী মো. জসিম জানান, গ্যাসের লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে তারা ধারণা করছেন। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমার ৪৫ শতাংশ এবং হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।