ইউটিউবে কে-পপ ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পী সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’। প্রকাশের ১৪ বছর পরও দর্শকপ্রিয়তা ধরে রাখা এই গানের ভিডিও সম্প্রতি ৬০০ কোটি (৬ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। কে-পপের কোনো গানের ভিডিও প্রথমবারের মতো এই রেকর্ড গড়ল।
সাইয়ের প্রতিষ্ঠান পি নেশন সোমবার (২৬ জুলাই) এই সাফল্যের খবর নিশ্চিত করে। ২০১২ সালের জুলাইয়ে মুক্তি পাওয়া ‘গ্যাংনাম স্টাইল’ শুক্রবার বিকেলে ইউটিউবে ৬০০ কোটি ভিউ পূর্ণ করে। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে গানটির ভিউ ৫০০ কোটির ঘর ছাড়িয়েছিল। সেই মাইলফলক থেকে আরও ১০০ কোটি ভিউ যোগ হতে সময় লেগেছে প্রায় দুই বছর সাত মাস।
মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায় ‘গ্যাংনাম স্টাইল’। ভিডিওটির আকর্ষণীয় নাচ, সহজে অনুকরণযোগ্য মুভমেন্ট এবং সুললিত সুর দর্শকদের মুগ্ধ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গানটি ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ২০১২ সালের ডিসেম্বরেই ইউটিউবে ১০০ কোটি ভিউ পাওয়া প্রথম ভিডিও হিসেবে ইতিহাস তৈরি করে এটি।
বিলবোর্ডের হট ১০০ তালিকায় টানা সাত সপ্তাহ ধরে দুই নম্বর অবস্থানে ছিল গানটি, যা কে-পপের বিশ্বব্যাপী পরিচিতি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাইয়ের আসল নাম পার্ক জে-সাং। ২০০১ সালে ‘সাই ফ্রম দ্য সাইকো ওয়ার্ল্ড!’ নামের প্রথম অ্যালবাম দিয়ে সংগীতজীবন শুরু করেন তিনি। বর্তমানে ৪৮ বছর বয়সী এই গায়ক দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে বিবেচিত। নিজের প্রতিষ্ঠান পি নেশন পরিচালনার পাশাপাশি তিনি প্রতি গ্রীষ্মে ‘সামার সোয়াগ’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করে থাকেন।




