প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হয়েছে নানা ধারার কনটেন্ট। দর্শকদের জন্য রয়েছে নতুন সিনেমা, ওয়েব সিরিজ, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শো। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে কী কী দেখার সুযোগ থাকছে।

চরকিতে চলছে ‘রঙিন সুরমা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। রিয়াজুল হকের নির্মিত এই ফ্লিকে বয়সের সঙ্গে মানুষের চাহিদা ও পাওয়ার আকাঙ্ক্ষা কীভাবে সীমিত হয়ে আসে, তার পাশাপাশি হারানোর ভয়ও বদলে যায়—তা ফুটে উঠেছে। অসুস্থতা, একাকিত্ব আর নানা শারীরিক সীমাবদ্ধতার মধ্য দিয়ে জীবনের শেষ প্রান্তে দাঁড়ানো মুন্তাসির ও শাহিদা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার অর্থ খুঁজে নেন, সেই গল্পই বলা হয়েছে এখানে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি।

লি চাইল্ডের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ‘রিচার’ সিরিজের চতুর্থ মৌসুমের প্রথম তিন পর্ব প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে গতকাল। ২০২২ সালে প্রথম মৌসুমটি মুক্তি পেয়েই দারুণ সাড়া ফেলেছিল। এরপর প্রতি বছর আসছে নতুন মৌসুম। এবারের আট পর্বের বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত হবে। নতুন মৌসুমের শুরুতে গভীর রাতে নিউইয়র্কের পাতালরেলে এক অপরিচিত নারীর মুখোমুখি হন রিচার। পরিস্থিতি হঠাৎ ভয়াবহ রূপ নেয়, ওই নারীর মৃত্যুর পর তৈরি হয় এক বড় রহস্য। স্বাভাবিকভাবেই বিষয়টি এড়িয়ে যেতে পারেন না রিচার। তিনি জড়িয়ে পড়েন এমন এক ষড়যন্ত্রে, যার মূল ছুঁয়ে গেছে ক্ষমতার উচ্চাসনে। এবারও রিচারের ভূমিকায় অ্যালান রিচসন। সিরিজটির শোরানার নিক সানতেয়ারা।

মেক্সিকোর প্রথম নারী পুলিশ বাহিনীর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ওম্যান ইন ব্লু’ সিরিজের দ্বিতীয় মৌসুম সম্প্রচার শুরু হয়েছে অ্যাপল টিভি+ এ। নতুন মৌসুমের আট পর্বের মধ্যে শেষটি দেখা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর। এবারের গল্পে চার নারী পুলিশ তদন্তে নামবেন এমন এক হত্যাকাণ্ডের, যার যোগসূত্র মিলবে ১৯৬৮ সালের ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গে। মেক্সিকো সিটিতে পুরুষ পুলিশদের আধিপত্যের মধ্যে নারীদের কাজ ছিল তুচ্ছতাচ্ছন্ন। সেই কঠিন বাস্তবতার মধ্যেই পুলিশের ইউনিফর্ম পরে এগিয়ে এসেছিলেন কয়েকজন নারী। দ্বিতীয় মৌসুমে ফিরেছেন বারবারা মোরি, জিমেনা সারিনানা, নাতালিয়া তেলেস ও আমোরিতা রাসগাদো। পরিচালনায় ফার্নান্দো রোভজার ও পাবলো আরামেন্দি।

নেটফ্লিক্সে এসেছে ‘ককটেল ২’। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’-এর সিক্যুয়েল হলেও প্রথম কিস্তির সঙ্গে গল্পের তেমন মিল নেই। নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে সম্পর্কের জটিলতাই এতে তুলে ধরা হয়েছে। মুক্তির আগে অ্যাডাল্ট সনদ পাওয়ায় ছবিটি নিয়ে বিতর্কও কম হয়নি। হোমি আদাজানিয়ার পরিচালনায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ১৯ জুন। বক্স অফিসে প্রায় ১৫০ কোটি রুপি আয় করার পর ওটিটিতে এলো। প্রধান তিন চরিত্রে শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।

সনি লিভে শুরু হয়েছে ‘কৌন বানেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুম। ২০০০ সালে যাত্রা শুরুর পর অমিতাভ বচ্চনের সঞ্চালনাই এই অনুষ্ঠানটিকে আলাদা মাত্রা দিয়েছিল। তৃতীয় মৌসুমে অবশ্য শাহরুখ খানও সঞ্চালনা করেছেন। তবে ১৮তম মৌসুমেও দর্শকদের পরিচিত সেই কণ্ঠ শোনা যাচ্ছে। ১০ আগস্ট থেকে প্রচার শুরু হয়েছে নতুন মৌসুমের। এবারের প্রতিপাদ্য ‘ভাবতে হবে’। ইন্টারনেটের যুগে যেকোনো তথ্য পাওয়া গেলেও তা বিশ্লেষণ ও সঠিক প্রয়োগই মূল বুদ্ধিমত্তা—এই বার্তাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথম পর্বে অতিথি ছিলেন আমির খান, প্রীতি জিনতা ও সানি দেওল।