প্রয়াত মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের ইচ্ছানুযায়ী সিয়াটেল সিহক্সের মালিকানা হস্তান্তর হতে যাচ্ছে খোসলা পরিবারের কাছে। শনিবার দলটির পক্ষ থেকে জানানো হয়, খোসলা পরিবার এনএফএলের বর্তমান চ্যাম্পিয়ন দলটি কেনার জন্য আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তির আর্থিক পরিমাণ ৯.৬১২ বিলিয়ন ডলার, যা এনএফএলের কোনো দলের জন্য সর্বোচ্চ। চুক্তিটি এখনও এনএফএলের অনুমোদন সাপেক্ষ, আগস্টে মালিকদের সভায় এটি চূড়ান্ত হতে পারে। পল অ্যালেন ১৯৯৭ সালে মাত্র ১৯৪ মিলিয়ন ডলারে সিহক্স কিনেছিলেন। ২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হলে দলটির দায়িত্ব নেন বোন জডি অ্যালেন। জডি অ্যালেন সম্প্রতি এনবিএর পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্সও বিক্রির চুক্তি করেছেন, যা এনবিএ বোর্ডের অনুমোদন পায়নি এখনো। সিহক্সের নিজস্ব মাঠ লুমেন ফিল্ডের লিজ ২০৩২ সাল পর্যন্ত, সাথে তিনটি ১০ বছরের নবায়নের অপশন রয়েছে, ফলে দলটি সিয়াটেলেই থাকবে বলে ধরা হচ্ছে। সিলিকন ভ্যালির বিখ্যাত ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান খোসলা ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ভিনোদ খোসলা এখন দলের নিয়ন্ত্রক মালিক হবেন। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী তাঁর বর্তমান সম্পদের পরিমাণ ১৩.৭ বিলিয়ন ডলার। তাঁর প্রতিষ্ঠান বায়োমেডিসিন, রোবোটিকস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করে। খোসলা ভেঞ্চারসই প্রথম ভেঞ্চার ফার্ম যা ওপেনএআই-তে বিনিয়োগ করেছিল। ভিনোদ খোসলা এই চুক্তির প্রসঙ্গে বলেন, তাঁরা এই দায়িত্ব পাওয়ায় গর্বিত এবং পল অ্যালেনের উত্তরাধিকার ধরে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে চান। তবে চুক্তির শর্ত হিসেবে খোসলা পরিবারকে সান ফ্রান্সিসকো ফোরটিনার্সে থাকা তাদের অংশীদারিত্ব পরিত্যাগ করতে হবে। ভিনোদ খোসলা ২০২৫ সালে মাত্র ৩.১ শতাংশ শেয়ার কিনে ফোরটিনার্সের সংখ্যালঘু মালিক হন। এই ডিলটি ২০২৩ সালে ওয়াশিংটন কমান্ডার্সের ৬.০৫ বিলিয়ন ডলারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বিনিয়োগ ব্যাংক অ্যালেন অ্যান্ড কোম্পানি এবং আইন সংস্থা ল্যাথাম অ্যান্ড ওয়াটকিন্স এই বিক্রয় প্রক্রিয়া পরিচালনা করেছে। সিহক্স সর্বশেষ ফেব্রুয়ারিতে সুপার বোল জিতে, নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসকে ২৯-১৩ হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়।
ভিনোদ খোসলা ও পরিবার ৯.৬ বিলিয়ন ডলারে সিয়াটেল সিহক্স কিনছেন
সিলিকন ভ্যালির ভেঞ্চার ক্যাপিটালিস্ট ভিনোদ খোসলা ও তার পরিবার ৯.৬১২ বিলিয়ন ডলারে এনএফএল চ্যাম্পিয়ন সিয়াটেল সিহক্স ক্রয়ের চুক্তি করেছেন। শর্তানুযায়ী তাদের সান ফ্রান্সিসকো ফোরটিনার্সের অংশীদারিত্ব ছাড়তে হবে। এনএফএলের অনুমোদন সাপেক্ষ চুক্তিটি আগস্টে চূড়ান্ত হতে পারে।


