গাজীপুরের টঙ্গী এলাকায় তুরাগ নদের ঘাটে রোববার দুপুরে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলো জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে শামীম (১৩) ও নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান (১৪)। দুজনেই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা পরিবারের সদস্যদের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। দুপুর সাড়ে ১২টার দিকে গোসলের সময় তারা পানির স্রোতে তলিয়ে যেতে থাকে। শিপন নামের এক শিক্ষার্থী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হয়। ঘটনা জানাজানি হলে ৯৯৯ নম্বরে কল করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদ থেকে শামীম ও আফনানের লাশ উদ্ধার করে। টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




