বাংলাদেশের অর্থনীতি বছরে প্রায় ২ লাখ ৮০ হাজার ৬০০ কোটি টাকা হারাচ্ছে কেবল বায়ুদূষণের কারণে। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশের সমান এই আর্থিক লোকসানের পাশাপাশি প্রতিদিন গড়ে ২৪২ জনের মৃত্যু ঘটছে বায়ুদূষণজনিত রোগে। বছরে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ৮৮ হাজার ২৪০ জনে। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ‘ক্লাইমেট চেঞ্জ, এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ রিসার্চ (সি-টু-এএইচআর)’ ইউনিট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়। সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী ‘পলিউশন’-এ প্রকাশিত এই গবেষণায় দেশের ছয়টি বড় শহর—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালের বায়ুদূষণের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাদলের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন জানান, কনসেনট্রেশন রেসপন্স ফাংশন (সিআরএফ) পদ্ধতি ব্যবহার করে এই বিশ্লেষণ করা হয়েছে। এটি পরিবেশগত স্বাস্থ্য ও রোগতত্ত্ব গবেষণায় বহুল ব্যবহৃত একটি পরিসংখ্যানভিত্তিক পদ্ধতি, যা দেখায় কোনো দূষকের মাত্রা বাড়লে বা কমলে স্বাস্থ্যগত ফলাফল কতটা পরিবর্তিত হয়। গবেষণায় উঠে এসেছে, বায়ুদূষণজনিত অকালমৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি—৩৭ হাজার ৫১৯ জন—হৃদরোগে মারা গেছেন। এছাড়া দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে ৮ হাজার ৩৪৪ জন এবং ফুসফুসের ক্যানসারে ৮১১ জনের মৃত্যু হয়েছে। শহরভিত্তিক হিসাবে সবচেয়ে ভয়াবহ চিত্র ঢাকার। বছরে রাজধানীতে ৬৮ হাজার ৭০৩ জনের মৃত্যু বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত। চট্টগ্রামে এ সংখ্যা ১১ হাজার ২০২, রাজশাহীতে ২ হাজার ৮২৭, খুলনায় ২ হাজার ৬২৫, সিলেটে ১ হাজার ৪৮৮ এবং বরিশালে ১ হাজার ৩৯৫ জন। ২০১৩ থেকে ২০২১ সালের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, ছয়টি শহরেই বায়ুদূষণজনিত অকালমৃত্যুর প্রবণতা ক্রমাগত বাড়ছে। ঢাকায় প্রতিবছর গড়ে প্রায় ৩ হাজার ৪৮৪ জন করে অতিরিক্ত মৃত্যু ঘটছে। অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, ‘বায়ুদূষণকে আমরা প্রায়ই শুধু পরিবেশগত সমস্যা হিসেবে দেখি। কিন্তু আমাদের গবেষণা বলছে, এর ফলে বছরে প্রায় ৮৮ হাজার মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ জিডিপির প্রায় ৫ শতাংশ। এটি নীতিনির্ধারকদের জন্য একটি সতর্কবার্তা।’ গবেষণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বায়ুর গুণগত মান সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বলা হয়, পিএম২.৫ নির্গমন কমানো, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর নীতি বাস্তবায়ন এবং নগরাঞ্চলে সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদার করলে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির বড় অংশ এড়ানো সম্ভব।
বায়ুদূষণে বাংলাদেশের বার্ষিক ক্ষতি ২ লাখ ৮০ হাজার কোটি টাকা, মৃত্যু ৮৮ হাজারের বেশি
গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে বছরে প্রায় ৮৮ হাজার মানুষের অকালমৃত্যু ও জিডিপির ৫ শতাংশের সমান অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকায়, প্রতি বছর গড়ে ৬৮ হাজারের বেশি মৃত্যু দূষণজনিত।



