সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের বৃহত্তম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) দেশটির ৬১তম জাতীয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য কমিউনিটি ফ্যামিলি ডে আয়োজন করেছে। গত রোববার সমুদ্রতীরবর্তী ইস্ট কোস্ট পার্কে দিনভর চলে এই আয়োজন, যেখানে অংশ নেয় বাংলাদেশি কমিউনিটির সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং বিভিন্ন দেশের নাগরিকরা। ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে অলাভজনক এই সংগঠনটি সিঙ্গাপুরে বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও সিঙ্গাপুরের জনগণের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করা।
দিনব্যাপী এই আয়োজনে ছিল নানা রকমের বিনোদনমূলক কার্যক্রম। পরিবারের সব বয়সী সদস্যদের জন্য ছিল খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশুদের জন্য বিশেষ আয়োজন। শুধু আনন্দ-উল্লাসেই সীমাবদ্ধ ছিল না আয়োজন; পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচিও পালন করা হয়। এর মধ্য দিয়ে সিঙ্গাপুরের বৃহত্তর সমাজের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সম্পৃক্ততা ও সামাজিক দায়িত্ববোধের বিষয়টি ফুটে ওঠে।
তবে আয়োজনের প্রাণভোমরা ছিল চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী মেজবান। প্রবাসের মাটিতে এই মেজবানের আয়োজনকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দেশি-বিদেশি প্রায় এক হাজার মানুষ এই মেজবানে অংশ নেন। প্রবাসে থেকেও বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী আয়োজন সবাইকে এক প্লেটে গরুর মাংসের রান্নার স্বাদ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার সুযোগ করে দেয়। মেজবানের এই আয়োজন বাংলাদেশি সংস্কৃতি ও খাবারের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে এবং বিদেশি অতিথিদের সামনে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখে।
প্রবাস জীবনের নানা গল্প, আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com।




