সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাতজন প্রবাসী বাংলাদেশি। রোববার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫), একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মৃত গুফফার প্রামাণিকের ছেলে মহুন প্রামাণিক (৪২) ও সুমুন প্রামাণিক, একই গ্রামের রুবেল হোসেন (৩০), ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কর্মসংস্থানের সন্ধানে সৌদি আরবে যান এই সাতজন। তাঁরা সবাই রিয়াদ শহরের ওই সোফা তৈরির কারখানায় কাজ করতেন। রোববার দুপুরের দিকে কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডেই প্রাণ হারান তাঁরা।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান রোববার রাতে সংবাদমাধ্যমকে জানান, রিয়াদের সোফা তৈরির কারখানার অগ্নিকাণ্ডে উপজেলার সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গন্ডগোহালী গ্রামের চারজন, ডুবাই গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, সৌদি আরবে কর্মরত এই প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান অপরিসীম। তাঁদের এই আকস্মিক প্রয়াণে তিনি গভীর শোকাহত। একই সঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।




