নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ফারংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ মাদ্রাসা চত্বর থেকে সোমবার সন্ধ্যায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানরকে উদ্ধার করা হয়েছে। পরিবেশ ও বন্য প্রাণী রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের সদস্যরা এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। উদ্ধারের পরপরই রাতেই উপজেলার গোপালপুর পাহাড়ের বনাঞ্চলে প্রাণীটিকে অবমুক্ত করা হয়েছে।

মাদ্রাসাতুল ইনসাফের পরিচালক মাহমুদুল হক জানান, সোমবার সন্ধ্যার পর মাদ্রাসা চত্বরে একটি অপরিচিত প্রাণী দেখতে পান শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রাণীটি মাদ্রাসার বাউন্ডারি নেটের ওপর দিয়ে চলাফেরা করছিল। পরে উপস্থিত লোকজন সেটিকে ধরে একটি খাঁচায় রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের স্বেচ্ছাসেবকরা। তারা এসে প্রাণীটিকে লজ্জাবতী বানর হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অনেক মানুষ বানরটি দেখতে মাদ্রাসায় ভিড় জমান। রাত ৯টার দিকে বানরটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়।

সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বানরটি উদ্ধারে এগিয়ে যান। প্রাণীটি সম্পূর্ণ সুস্থ থাকায় রাতেই গোপালপুর পাহাড়ের বনে অবমুক্ত করা হয়েছে। তার মতে, খাবারের খোঁজে বানরটি লোকালয়ে চলে এসেছিল। তিনি আরও জানান, এই পর্যন্ত তাদের সংগঠনের স্বেচ্ছাসেবকরা প্রায় ১৬টি লজ্জাবতী বানর উদ্ধার করে বনে ফিরিয়ে দিয়েছেন।

বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক। তিনি বলেন, বন বিভাগের দিকনির্দেশনায় প্রাণীটিকে বনে অবমুক্ত করা হয়েছে। দুর্গাপুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রায়ই বানর, অজগরসহ বিভিন্ন বন্য প্রাণী লোকালয়ে চলে আসে বলেও জানান তিনি।