মোবাইল দিয়ে ছবি বা ভিডিও ধারণের সময় ক্যামেরা স্থির রাখতে সাধারণত আলাদা গিম্বল ব্যবহার করতে হয়, যা আকারে বড় এবং ওজনে ভারী হওয়ায় অনেকেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন না। এই সমস্যার সমাধানে এবার স্মার্টফোনের ভেতরেই পুরোপুরি মোটরচালিত গিম্বল যুক্ত করে বাজারে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনারের নতুন ডিভাইস। প্রতিষ্ঠানটির দাবি, এই ফোনটি একটি মোবাইল প্রোডাকশন স্টুডিও হিসেবেও কাজ করতে সক্ষম, ফলে ব্যবহারকারীরা অতিরিক্ত কোনো যন্ত্র ছাড়াই সিনেম্যাটিক মানের ভিডিওগ্রাফি করতে পারবেন।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফোনটির বিস্তারিত তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ। নতুন এই স্মার্টফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ডুয়াল ক্যামেরা সিস্টেম। এর মধ্যে রয়েছে ২০০ মেগাপিক্সেলের এজাইল গিম্বল মেইন ক্যামেরা, ২.৭ গুণ অপটিক্যাল জুমসহ ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। এই ব্যবস্থার ফলে হাঁটার সময় কিংবা যেকোনো গতিশীল অবস্থায়ও স্বয়ংক্রিয়ভাবে উচ্চমানের ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

দ্রুত গতির শট ধারণের জন্য ফোনটিতে থ্রি-অ্যাক্সিস মেকানিক্যাল গিম্বল ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে। মোটরচালিত এই গিম্বল যেকোনো পরিস্থিতিতে স্থির ভিডিও ধারণে সহায়তা করবে। ক্যামেরার আর্মে রয়েছে টিল্ট লক, ফার্স্ট পারসন ভিউ এবং এআই স্পিনশটের মতো আধুনিক মোড, যা ব্যবহারকারীদের নিখুঁত সিনেম্যাটিক ভিডিও তৈরিতে সহযোগিতা করবে।

শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর দ্বারা পরিচালিত এই রোবট ফোনটি জটিল এআই প্রসেসিং, ইমেজিং এবং মাল্টিটাস্কিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে। ফোনটিতে ৭ হাজার ৬০ মিলিঅ্যাম্পিয়ারের অনার সিলিকন-কার্বন ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। এছাড়া তারের মাধ্যমে ১২০ ওয়াট এবং ওয়্যারলেসভাবে ৫০ ওয়াটের সুপারচার্জ সুবিধা থাকায় দ্রুত চার্জিংয়ের মাধ্যমে দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ধারণক্ষমতার দিক থেকে ফোনটি ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট স্টোরেজসহ দুটি সংস্করণে বাজারে আসছে। র‍্যাম হবে যথাক্রমে ১২ ও ১৬ গিগাবাইট। সংস্করণভেদে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে), এবং ১ হাজার ৯৩০ ডলার বা প্রায় ২ লাখ ৩৮ হাজার টাকা।

নতুন এই ডিভাইস প্রসঙ্গে অনারের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস লি মন্তব্য করেছেন, উন্নত যন্ত্রাংশ দিয়ে ভালো ছবির সূচনা হলেও অসাধারণ মাত্রা অর্জন করে অ্যালগরিদমের মাধ্যমে। তবে তিনি মনে করেন, প্রযুক্তি কেবল একটি ভিত্তি মাত্র; ভালো ইমেজিংয়ের মূল ভিত্তি হলো নান্দনিকতা।