সাধারণ দৃষ্টিতে রাতের আকাশকে তারায় ঠাসা একটি স্থির ক্যানভাসের মতো মনে হলেও, আধুনিক জ্যোতির্বিজ্ঞান সেই ধারণাকে ভেঙে দিয়েছে। মহাকাশে স্থাপিত টেলিস্কোপ ও মাটিতে অবস্থিত মহাকর্ষ তরঙ্গ শনাক্তকারী যন্ত্রগুলো প্রমাণ করে যে মহাবিশ্ব ক্রমাগত পরিবর্তনশীল এবং বিভিন্ন রকম সংকেতে পূর্ণ। সময় ও বার্তার এই মাত্রাগুলোর সমীক্ষাই হলো টাইম-ডোমেইন অ্যান্ড মাল্টি-মেসেঞ্জার অ্যাস্ট্রোনমি (টিডিএমএ)। এই প্রেক্ষাপটে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) গবেষণা কেন্দ্র সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (ক্যাসা) একটি বিশেষ পাঁচ দিনের কর্মশালার আয়োজন করছে।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আইইউবির বসুন্ধরা ক্যাম্পাসে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই আয়োজন। কর্মশালায় তাত্ত্বিক বক্তৃতা, হাতে-কলমে টিউটোরিয়াল ও প্যানেল আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের টিডিএমএ বিষয়ে গভীর জ্ঞান প্রদান করা হবে। পাঁচ দিনে মোট ৪১টি সেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ২৯টি লেকচার এবং ৪টি ব্যবহারিক অনুশীলন অন্তর্ভুক্ত।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন দেশি-বিদেশি খ্যাতিমান জ্যোতির্বিজ্ঞানী ও গবেষক। মহাকর্ষ তরঙ্গ সংক্রান্ত অংশটি পরিচালনা করবেন বিশ্ববিখ্যাত লাইগো ও ভার্গো সহযোগিতার সদস্য এবং বেইজিংয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকসের (আইসিটিপি-এপি) সহকারী অধ্যাপক ড. অ্যান্ড্রু এল. মিলার। আইইউবির সহযোগী অধ্যাপক ও সুপারনোভা কসমোলজিস্ট ড. সৈয়দ আশরাফ উদ্দিন এবং আইইউবির সহকারী অধ্যাপক ও রেডিও টাইম-ডোমেইন বিশেষজ্ঞ ড. খান মুহাম্মদ বিন আসাদ আয়োজক কমিটির সভ্য হিসেবে রয়েছেন। এছাড়াও তাত্ত্বিক পদার্থবিদ ড. জুয়েল কুমার ঘোষ ব্ল্যাকহোল ও গ্র্যাভিটির তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করবেন। সিডনি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মো. রেদওয়ান আহমেদ রিসোর্স পার্সন হিসেবে অংশ নেবেন।
কর্মশালার মূল লক্ষ্য অংশগ্রহণকারীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি করা। তারা যেন নিজেরাই ট্রানজিয়েন্ট লাইট কার্ভ বিশ্লেষণ করতে পারেন, গ্র্যাভিটেশনাল-ওয়েভ এলার্ট অনুসরণ করতে পারেন এবং টাইম-ডোমেইন জ্যোতির্বিজ্ঞানে স্বাধীন গবেষণা শুরু করতে পারেন—সেই লক্ষ্যে পুরো আয়োজন সাজানো হয়েছে। বিজ্ঞান সংগঠন কমিটির দায়িত্ব পালন করছেন ড. সৈয়দ আশরাফ উদ্দিন ও ড. খান মুহাম্মদ বিন আসাদ। অপরদিকে স্থানীয় আয়োজক কমিটিতে রয়েছেন ক্যাসার সায়েন্স ম্যানেজার মুহাম্মদ জুবায়ের হাসান এবং আন্ডারগ্র্যাজুয়েট গবেষণা সহায়ক নুবলাত হাফসা।
প্রশিক্ষণার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন। তবে বিশেষ মেধার অধিকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও শূন্য আসন থাকলে সুযোগ পেতে পারেন। আগ্রহীদের ১৪ জুলাই থেকে ১৪ আগস্ট ২০২৬-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নির্বাচিতদের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।


