চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে পাঁচটি শিক্ষার্থীবান্ধব উদ্যোগের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার সারাদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। তাদের দাবিগুলোর মধ্যে ছিল গত সোমবারের পরীক্ষা পুনরায় নেওয়া এবং অন্যান্য বিষয়ে ন্যায়বিচার। এরই ধারাবাহিকতায় বুধবারও আন্দোলন চলে। এই প্রেক্ষাপটে বুধবার ফেসবুকে এক পোস্ট দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
পোস্টে তিনি উল্লেখ করেন, বুধবার চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশের ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আবহাওয়ার উন্নতি ও শিক্ষার্থীদের উৎসাহের বিষয়টিও তিনি তুলে ধরেন। সম্প্রতি বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা গ্রহণে বাধার সৃষ্টি হলে সরকার সময়োচিত কয়েকটি পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।
উদ্যোগগুলো হলো: প্রথমত, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তর ও অংশীজনদের মতামতের ভিত্তিতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম বোর্ড বাদে বাকি সব জায়গায় পূর্বনির্ধারিত সময়ে পরীক্ষা চালু রাখা হয়েছে। দ্বিতীয়ত, যাতায়াত বা জলাবদ্ধতার মতো সমস্যার সম্মুখীন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বাড়ানোর নির্দেশনা স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। তৃতীয়ত, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যেসব শিক্ষার্থী কোনো বিষয়ে অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে এবং মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। চতুর্থত, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের কারণে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। পঞ্চমত, ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মাহদী আমিন পোস্টে আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, বরং এটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কারিগরদের জন্য গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণ। তাই সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এই পরীক্ষা পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধারায় শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করাকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

