গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে লেনোভোর আটটি নতুন মডেলের মনিটর উন্মোচন করেছে। বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত ‘সিটি আইটি মনিটর ফেস্ট’-এ এসব মনিটর প্রদর্শন করা হয়।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মহাব্যবস্থাপক কামরুজ্জামান ও মনিরুল মোর্শেদ এবং লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ।

নতুন মডেলগুলোর মধ্যে ‘লেনোভো এল২৪-৪সি’, ‘লেনোভো এল২৪ডি-৪সি’ ও ‘লেনোভো এল২৭-৪সি’তে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে। এগুলোতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম থাকায় ছবি ও ভিডিও দেখা যায় স্বচ্ছভাবে।

গেমারদের কথা মাথায় রেখে তৈরি ‘লিজিয়ন ২৪-১০’ ও ‘লিজিয়ন ২৭-১০’ মডেলের রিফ্রেশ রেট ২৪০ হার্টজ এবং রেসপন্স টাইম মাত্র ০.৫ মিলিসেকেন্ড। ফুল এইচডি রেজল্যুশনের এসব মনিটর দ্রুতগতির গেমিংয়ের জন্য উপযোগী।

এছাড়া ‘লিজিয়ন ২৭কিউ-১০’ ও ‘লিজিয়ন ২৭কিউডি-১০’ মডেলেও ২৪০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, যা উন্নত ভিজুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। বিশেষ করে ‘লিজিয়ন ২৭কিউডি-১০’ মডেলে দ্রুতগতির টাইপ-সি পোর্ট যুক্ত করা হয়েছে।

প্রতিটি মনিটরের সঙ্গে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। মডেলগুলো হলো: ‘লেনোভো এল২৪-৪সি’, ‘লেনোভো এল২৪ডি-৪সি’, ‘লেনোভো এল২৭-৪সি’, ‘লেনোভো ডি৩২-৪০’, ‘লিজিয়ন ২৪-১০’, ‘লিজিয়ন ২৭-১০’, ‘লিজিয়ন ২৭কিউ-১০’ ও ‘লিজিয়ন ২৭কিউডি-১০’।