চলতি বছরের সবচেয়ে বড় লটারি পুরস্কার হিসেবে বুধবার ৮০০ মিলিয়ন ডলারের মেগা মিলিয়নস জ্যাকপট জিতলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক ব্যক্তি। ২০২৬ সালের এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ অঙ্কের লটারি পুরস্কার। তবে বিপুল অঙ্কের কর ও বাধ্যতামূলক কাটছাঁটের কারণে পুরো অর্থ একবারে হাতে পাবেন না তিনি।

মঙ্গলবার রাতে মেগা মিলিয়নসের ছয়টি বিজয়ী নম্বর ছিল: ৩৪, ৪৮, ৪৯, ৫৯, ৭০ এবং গোল্ড মেগা বল নম্বর ১২। বিজয়ী পরিচয় প্রকাশে এগিয়ে এলে তার সামনে দুটি পথ খোলা থাকবে।

প্রথমটি হলো, ৩০ বছর মেয়াদি কিস্তিতে মোট ৮০০ মিলিয়ন ডলার নেওয়া, অন্যটি হলো এককালীন নগদ ৩৪৪.২ মিলিয়ন ডলার গ্রহণ। বেশিরভাগ বিজয়ী দ্বিতীয় বিকল্পটিকেই বেছে নেন।

এক্ষেত্রে এককালীন অর্থ নেওয়ার সিদ্ধান্ত নিলে প্রথমেই ২৪% ফেডারেল হুইথহোল্ডিং কর কেটে নেওয়া হবে। ফলে পুরস্কারের পরিমাণ নেমে দাঁড়াবে আনুমানিক ২৬১.৬ মিলিয়ন ডলারে। এরপর বিজয়ীর সার্বিক করযোগ্য আয়ের ওপর নির্ভর করে ৩৭% পর্যন্ত ফেডারেল সর্বোচ্চ সীমা কর আরোপিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তার প্রাপ্ত অর্থকে আরও কমিয়ে ২১৬.৮ মিলিয়ন ডলারে নিয়ে আসতে পারে।

যদি তিনি কিস্তি গ্রহণের পথ বেছে নেন, তাহলে প্রতিবছর ২৬.৭ মিলিয়ন ডলার করে পাবেন, যা ৩৭% ফেডারেল কর হারের পর কমে হবে প্রায় ১৬.৮ মিলিয়ন ডলার। ফ্লোরিডা অঙ্গরাজ্যে লটারি পুরস্কারের ওপর কোনো আলাদা করে ধার্য হয় না এবং এখানে রাজ্য আয়করও নেই, যা বিজয়ীর জন্য একটি বাড়তি সুবিধা।

একজন ব্যক্তির মেগা মিলিয়ন জ্যাকপট জেতার সম্ভাবনা ছিল ২৯০.৪ মিলিয়নে ১টি। এই অত্যন্ত কম সম্ভাবনার পরিসংখ্যানের পরাজয় ঘটিয়েছেন ফ্লোরিডার এই টিকিটধারী। পাওয়ারবলের ক্ষেত্রে এই অডস আরও কম, ২৯২.২ মিলিয়নে ১টি।

এটি এ বছর এ পর্যন্ত সম্পন্ন হওয়া সবচেয়ে বড় লটারি পুরস্কার। এর আগে মার্চ মাসে ইলিনয়ের এক ক্রেতা ৫৩৩ মিলিয়ন ডলারের মেগা মিলিয়নস জ্যাকপট জিতেছিলেন, যা এখন দ্বিতীয় স্থানে। পাওয়ারবলের চলমান জ্যাকপটও বেড়ে ৬৬৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে, এবং বুধবার রাতে পরবর্তী ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বছর এখন পর্যন্ত সম্পন্ন হওয়া সবচেয়ে বড় পাওয়ারবল পুরস্কারটি ছিল আরকানসসের এক খেলোয়াড়ের জেতা ২৫০.৮ মিলিয়ন ডলার।