পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বুধবার ভোররাতে জাতীয় গ্রিডে বড় ধরনের ত্রুটির কারণে রাজধানী আক্রা, বাণিজ্যিক কেন্দ্র কুমাসি ও উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়। রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা জানিয়েছে, দেশের একাধিক বিদ্যুৎকেন্দ্র ভোরের দিকে বন্ধ হয়ে যেতে বাধ্য হয়।
ঘানা গ্রিড কোম্পানি লিমিটেড (GRIDCo) এক বিবৃতিতে বলেছে, 'আমাদের প্রকৌশলী ও সিস্টেম অপারেটররা নিরাপত্তার সঙ্গে আপস না করে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছেন।' তবে কবে নাগাদ স্বাভাবিক অবস্থা ফিরবে সে বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করেনি তারা।
দীর্ঘদিন ধরে ঘানায় নিয়মিত বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে, যা স্থানীয় আকান ভাষায় 'ডামসোর' (অর্থাৎ 'চালু-বন্ধ') নামে পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। বুধবারের বিভ্রাটে দেশের একাধিক অঞ্চলের বাসস্থান, ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রয়োজনীয় সেবা বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে যায়।
অনেক যাত্রী কর্মস্থলে যেতে সমস্যায় পড়েছেন, কারণ যাদের ফোন চার্জ ছিল না তাদের পরিবহন ভাড়া পরিশোধে বা উবারের মতো অ্যাপে ট্যাক্সি বুক করতে অসুবিধা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও ডিজিটাল সেবার ওপর নির্ভরশীল মানুষেরও দুর্ভোগ বেড়েছে। তবে বড় প্রতিষ্ঠান যেমন হাসপাতালগুলোর জন্য সাধারণত ব্যাকআপ জেনারেটর থাকে।
GRIDCo বলেছে, তারা বিভ্রাটের কারণ নির্ধারণে একটি বিস্তৃত প্রযুক্তিগত তদন্ত পরিচালনা করছে। ঘানা বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও কোকো উৎপাদক। জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের ফলে চাহিদা মেটাতে সাম্প্রতিক বছরগুলোতে তারা গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। তবে দেশের বেশিরভাগ বিদ্যুৎ আসে পুরনো জলবিদ্যুৎ কেন্দ্র থেকে, যা বছরের পর বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ভুগছে। গ্যাস যুক্ত হওয়ায় বিদ্যুৎ বিভ্রাট কিছুটা কমলেও ট্রান্সমিশন ব্যর্থতা ও জ্বালানি সরবরাহ বিঘ্নের ঝুঁকি এখনও রয়ে গেছে।




