সাজাপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিদ্যমান আইনগত নিষেধাজ্ঞা প্রতিপালনের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। শুক্রবার এক তথ্য বিবরণীর মাধ্যমে এ আহ্বান জানানো হয়। ওই বিবরণীতে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনগত নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এমতাবস্থায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শনের জন্য পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশ না করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সরকার আশা প্রকাশ করেছে যে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবে এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবে।




