দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ১০৫ শিশুর শরীরে। অর্থাৎ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৪ জনে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও তিন শিশুর। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের দুজন এবং রাজশাহী বিভাগের একজন শিশু মারা গেছে। এ নিয়ে গত সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।
প্রতিবেদনের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে পরবর্তীতে হাম নিশ্চিত হয়েছে ১৫ হাজার ৬৬০ শিশুর। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪১ শিশু। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন। এখন পর্যন্ত হামের উপসর্গে ৭৩৩ জন এবং হামে ৯৫ জন শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে হামের প্রকোপ বাড়তে শুরু করে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে এবং টিকাদান কর্মসূচি জোরদার করার উদ্যোগ নিয়েছে। তবে প্রাদুর্ভাব এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।




