রাশিয়া বলেছে, যুক্তরাজ্য সচেতনভাবেই ইউক্রেন সংকট উসকে দেওয়ার পথ বেছে নিয়েছে। ব্রিটিশ নির্মিত ড্রোন রাশিয়ার ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহৃত হওয়ার কথা স্বীকার করার পরই এই মন্তব্য এলো। লন্ডনে রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, “এ কাজের মাধ্যমে যুক্তরাজ্য রক্তাক্ত অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী ও অংশীদার হয়ে উঠেছে।” বিবৃতিতে আরও বলা হয়, “লন্ডনের এই আচরণের পরিণতি অনিবার্য এবং তার জবাব দিতে হবে। রাশিয়ার বিরুদ্ধে যত গভীরভাবে জড়াবে, মূল্য দিতে হবে তত বেশি।” খবরটি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশ করেছে।

জবাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইউক্রেনের পাশে তারা ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে। বিবৃতিতে বলা হয়, “ইউক্রেনে এবং যুক্তরাজ্য ও আমাদের মিত্রদের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এই সরকারের অবস্থান সম্পর্কে রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়।” তিনি আরও বলেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবৈধ আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করতে ইউক্রেনের যেসব সরঞ্জাম প্রয়োজন, তা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য।”

প্রশ্নবিদ্ধ ড্রোনগুলো ব্রিটেনের দুটি প্রতিষ্ঠান তৈরি করেছে। রাশিয়ার অভ্যন্তরে সামরিক ও শিল্প লক্ষ্যবস্তুতে, বিশেষত তেল শোধনাগার এবং অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামে ব্যাপক সফল হামলায় এসব ড্রোন ব্যবহৃত হয়েছে। ইউক্রেন বারবার রাশিয়ার ‘আমাজন’ নামে পরিচিত এই প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করেছে এবং দাবি করেছে, ওয়াইল্ডবেরিজের ১০টি বৃহত্তম লজিস্টিক সেন্টারের মধ্যে সাতটিই ‘অকার্যকর’ হয়ে পড়েছে।

একটি সামরিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছে যে হামলাগুলোতে ব্রিটিশ ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব হামলার ফলে ৩৫ বিলিয়ন পাউন্ডের বেশি অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রোস্তভ অঞ্চলের কামেনস্কি জেলার একটি জ্বালানি ডিপোতে হামলাসহ রাশিয়ার ভূখণ্ডে হামলায় ব্রিটিশ যন্ত্রাংশ ও কনফিগারেশন ব্যবহার করা ড্রোন ব্যবহৃত হয়েছে।

রাশিয়ার এই সতর্কবার্তা ইউক্রেনের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এলো। এর মধ্যে সোমবারের হামলায় আটজন নিহত ও ২৩ জন আহত হয়েছে, যার মধ্যে একজন শিশুও রয়েছে। শনিবার রাতে ইউক্রেন রাশিয়ার দিকে প্রায় ৮২২টি ড্রোন নিক্ষেপ করেছে, যার মধ্যে ৬০০টি মস্কোর দিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। তিনি বলেছেন, রুশ রাজধানী ‘সাম্প্রতিক স্মৃতিতে সবচেয়ে বড় ড্রোন হামলার’ শিকার হয়েছে। রাশিয়া জুড়ে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই রাতে রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনের বেশি আহত হয়েছে।

এপ্রিল মাসে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিল, তারা ইউক্রেনকে দীর্ঘপাল্লার স্ট্রাইক ডিভাইসসহ কয়েক হাজার ড্রোন সরবরাহ করবে, যা তাদের সবচেয়ে বড় প্যাকেজ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করে এবং বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে।