ব্রিটিশ সম্প্রচারকারী সংস্থা বিবিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলায় তার পরিবারের সদস্যদের কাছ থেকে সাক্ষ্য ও নথিপত্র আদায়ে মার্কিন আদালতের সহায়তা চেয়েছে। আদালতে দাখিল করা এক নথিতে এই তথ্য জানানো হয়েছে। ফ্লোরিডার ফেডারেল আদালতে শুক্রবার দাখিল করা আবেদনে বিবিসির আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন যে, ইভানকা ট্রাম্প, তার স্বামী জ্যারেড কুশনার এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কাছে ট্রাম্পের দাবির বিভিন্ন বিষয় সম্পর্কিত 'ব্যক্তিগত জ্ঞান' এবং সম্ভাব্য রেকর্ড রয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, এই তিনজনের চারপাশে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ও অন্যান্য নিরাপত্তা কর্মী থাকায় বিবিসি তাদের কাছে সাবপোনা (আদালতের সমন) পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। গত ডিসেম্বরে ট্রাম্প বিবিসির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। বিবিসি তাকে মানহানি করার পাশাপাশি প্রতারণামূলক ও অস্বচ্ছল বাণিজ্যিক অনুশীলনের অভিযোগে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়।

মামলার মূল অভিযোগ ২০২৪ সালে সম্প্রচারিত একটি ডকুমেন্টারির ওপর ভিত্তি করে। ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলার আগে ট্রাম্পের দেওয়া একটি বক্তৃতা ওই ডকুমেন্টারিতে যে ভাবে সম্পাদনা করে দেখানো হয়েছিল, তা নিয়েই এই বিতর্ক। বিবিসি ট্রাম্পের বক্তৃতার 'দুটি সম্পূর্ণ ভিন্ন অংশ জোড়া দিয়ে' ইচ্ছাকৃতভাবে তার বক্তব্যের অর্থ বিকৃত করেছে এবং ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছে ট্রাম্পের আইনি দল।

তবে বিভ্রান্তিকর সম্পাদনার জন্য বিবিসি ইতিমধ্যে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু ট্রাম্পকে মানহানি করা হয়নি বলে তাদের দাবি। সর্বশেষ আদালতের আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পরিবারের সদস্যরা ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনায় 'তিনি সহিংসতায় উসকানি দিয়েছিলেন' — এমন ইঙ্গিত দেওয়া যে 'বস্তুগতভাবে মিথ্যা' হবে, সেই যুক্তির সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পর্কে অবগত। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ইভানকা ট্রাম্প উভয়েই ওভাল অফিসে উপস্থিত ছিলেন যখন ট্রাম্প তখনও তার বক্তৃতা সংশোধন করছিলেন। ক্যাপিটল হিলে সহিংসতা শুরু হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সরাসরি তার বাবার সাথে কথাও বলেছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবিসি ট্রাম্পকে তার মেয়ে ও জামাতার পক্ষে সাবপোনা গ্রহণ করতে অথবা সিক্রেট সার্ভিসকে সাবপোনা পৌঁছে দেওয়ার নির্দেশ দিতে বলেছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। সংস্থাটি ইমেইল এবং নিবন্ধিত ডাকের মাধ্যমে সাবপোনা পাঠানোর অনুমতি চেয়েছে। বিবিসির এই অনুরোধে সাড়া দিতে ট্রাম্পের আইনি দলকে আগামী শুক্রবার পর্যন্ত সময় দিয়েছেন বিচারক।

অন্যদিকে, ট্রাম্পের আইনি দল বিবিসির এই পদক্ষেপকে 'নিজেদের স্পষ্ট দায়িত্ব থেকে মনোযোগ সরানোর চেষ্টা' বলে আখ্যায়িত করেছে। তাদের বক্তব্য, 'বিবিসি ইচ্ছাকৃতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে মানহানি করেছে, এবং এখন বিবিসি সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াকে অপব্যবহার করে তাকে, তার পরিবারকে এবং সমর্থকদের হয়রানি করতে চাইছে।' মামলাটির বিচার কার্যক্রম সাময়িকভাবে আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত হয়েছে।

এর আগে গত সপ্তাহে, মামলার অংশ হিসেবে তার ব্যবসা সাম্রাজ্যের আর্থিক কর্মক্ষমতার বিবরণ দেওয়ার আদেশ থেকে ট্রাম্পকে সাময়িক অব্যাহতি দিয়েছিলেন ফ্লোরিডার একজন ফেডারেল বিচারক। জেলা বিচারক রয় অল্টম্যান তার ব্যবসা ও সুনাম উভয়ের ক্ষতির দাবি সংকুচিত করার জন্য ট্রাম্পের সংশোধিত অভিযোগটি বিবেচনা করার সময় ওই আদেশ স্থগিত রাখতে সম্মত হয়েছেন।