বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে নির্ধারিত ছিল একটি আলোচনা সভা। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। তবে বিদ্যুৎ–বিভ্রাটের কারণে তা শুরু হতে দেরি হয়। নির্ধারিত সময় বিকেল তিনটার পরিবর্তে অনুষ্ঠান শুরু হয় প্রায় দেড় ঘণ্টা পর, বিকেল সাড়ে চারটায়।

এই বিলম্ব নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি প্রশাসনিক দায়িত্বে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ছাত্রসংগঠনের কর্মসূচিতে দেড় ঘণ্টার বেশি বিদ্যুৎ না থাকা প্রশাসনের দায়িত্বের ব্যর্থতা।’ নাহিদ আরও বলেন, ‘আপনি ডিন থেকে পদত্যাগ করুন আজকের এই ঘটনার জন্য। পদত্যাগ করবেন কি না, তা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিদ্যুৎ না থাকলে আপনাদের দায়িত্বে থাকার মানে কী?’

এ প্রসঙ্গে ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামের বক্তব্য ছিল, ‘সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত জেনারেটর চলেছে। এরপর জেনারেটর বন্ধ হয়ে যায়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’

পরে রাত সোয়া আটটার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, সকাল সাড়ে ১১টায় হঠাৎ বিদ্যুৎ–বিভ্রাট দেখা দেয়। সঙ্গে সঙ্গেই জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে চালু হলেও প্রায় চার ঘণ্টা পর তা বন্ধ হয়ে যায়। প্রকৌশল দপ্তরে যোগাযোগ করা হলে ডিপিডিসি ও বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের সমন্বয়ে সমস্যা সমাধানের কাজ শুরু হয়। হঠাৎ এই বিভ্রাটের কারণে অনুষ্ঠান পরিচালনায় সাময়িক অসুবিধার জন্য অনুষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং গুজব বা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে।