কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে ‘পুষ্টি গ্লোরি ফুটবল কার্নিভাল’-এর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম আলো এবং টি কে গ্রুপের যৌথ উদ্যোগে ফুটবল বিশ্বকাপ চলাকালে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৬১ হাজার ৮২৫ জন নিবন্ধিত অংশগ্রহণকারী ছিলেন। তাঁরা সম্মিলিতভাবে ৬ লাখ ৫০ হাজার ৫৬৭ বার কুইজে অংশগ্রহণ করেন। pustiglorywc.com ওয়েবসাইটে প্রতিদিনের ফুটবলভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে অংশগ্রহণকারীরা লিডারবোর্ডে স্থান পান। ফলাফলের ভিত্তিতে একজন মেগা বিজয়ীসহ মোট ১৩ জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

মেগা বিজয়ী হিসেবে ঢাকার মুহাম্মদ ফরহাদুর রেজা মামুন একটি স্মার্টফোন ও বই লাভ করেন। অন্য বিজয়ীরা হলেন—ঢাকার মোহাম্মদ শামিম ওয়াহিদ, মো. মিনহাজ চৌধুরী ও শাহাদাত হোসেন; নারায়ণগঞ্জের সাকিফ আল আমিন; চট্টগ্রামের রাইসুল কবির; গাজীপুরের আহমাদুর রহমান ও মেহজাবিন; সাতক্ষীরার ইকবাল কবির খান; সুনামগঞ্জের মো. ফয়সল আহমেদ; দিনাজপুরের বাস্তব চন্দ্র রায়; রংপুরের ডা. এম এ হালিম এবং গাইবান্ধার মো. ছানাউল হক মণ্ডল। এই ১২ জন প্রত্যেকে একটি করে স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস হেডফোন ও বই পেয়েছেন।

পুরস্কার বিতরণ করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, চিফ ডিজিটাল বিজনেস অফিসার এবিএম জাবেদ সুলতান, টি কে গ্রুপের হেড অব ব্র্যান্ড মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং পুষ্টি গ্লোরি ডিভিশনের হেড অব সেলস মির্জা মোহাম্মদ হারুনার রাশেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্টি কনজিউমার ডিভিশনের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আশরাফুল ইসলাম শিমুল, টি কে গ্রুপের ডিজিটাল মার্কেটিং লিড মো. ফিরোজ জামান, পুষ্টি গ্লোরি ডিভিশনের ব্র্যান্ড ম্যানেজার মো. শাহিনূর ইসলাম ও ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, জ্যেষ্ঠ নির্বাহী মাহমুদ হাসান, বিপাশা বালা শান্তা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল কনটেন্ট) খায়রুল বাবু। প্রথম আলোর সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) রুহুল আমিন রনি পরিসংখ্যানগত তথ্য উপস্থাপন করেন।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন যে প্রথম আলোর সব উদ্যোগের মূল লক্ষ্য পাঠকদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত থাকা। এ আয়োজনের সঙ্গে থাকার জন্য তিনি পুষ্টিকে ধন্যবাদ জানান। আশা প্রকাশ করেন, পাঠক-দর্শক ও সহযোগীরা ভবিষ্যতেও পাশে থাকলে একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হবে। কারণ ভালো কিছুর সঙ্গেই প্রথম আলো যুক্ত।

টি কে গ্রুপের হেড অব ব্র্যান্ড মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিশ্বকাপ উপলক্ষে অনেকেই বিভিন্ন কুইজ আয়োজন করলেও প্রথম আলোর অনুষ্ঠানে মানুষের সঙ্গে বেশি সম্পৃক্ততা তৈরি হয়। পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের পরিচিতি বাড়াতে বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে এই কার্নিভালের আয়োজন করা হয়েছিল। দূর-দূরান্ত থেকে উপস্থিত হওয়া বিজয়ীদের তিনি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন যে ফুটবল বিশ্বকাপ আনন্দ ও উৎসবের সময়। এমন আনন্দের মুহূর্তে কুইজ কার্নিভালের মতো আয়োজন উচ্ছ্বাসের মাত্রা আরও বাড়িয়ে দেয়। তিনি পুষ্টিকে ধন্যবাদ জানান এবং কুইজে অংশগ্রহণকারী ও বিজয়ী সকলকে অভিনন্দন জানান।

মেগা বিজয়ী মামুন তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে জানান, বিশ্বকাপ চলাকালে আনন্দের সঙ্গে তিনি এই কুইজে অংশ নিয়েছেন। প্রতিদিন কুইজে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের উন্মাদনাও উপভোগ করেছেন। মেগা বিজয়ী হতে পেরে তিনি ভীষণ আনন্দিত। চমৎকার এই আয়োজনের জন্য প্রথম আলো ও পুষ্টিকে তিনি ধন্যবাদ জানান।